লোনা ইলিশে কাপড় ও দেওয়ালের রঙ মেশানোর দায়ে চট্টগ্রামে ১১শ কেজি শুঁটকি জব্দ ও ছয় আড়ৎদারকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত নগরীর আছাদগঞ্জের শুঁটকিপট্টিতে চালানো অভিযানে রঙ মেশানোর অভিযোগে ওই ছয় আড়ৎদারের কাছ থেকে ৯৫ হাজার টাকা আদায় করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্ব দেওয়া জেলা প্রশাসনের সহকারী কমিশনার মো. রুহুল আমীন বলেন, “অভিযানে পাওয়া শুঁটকিগুলো পানিতে ডোবানোর পর পানি হলুদ হয়ে গেছে। এছাড়া রঙের কৌটাও পেয়েছি। জামা-কাপড় এবং দেওয়ালের রঙ শুঁটকি রাঙানোর কাজে ব্যবহার করা হচ্ছিল।”

ক্রেতা আর্কষণের জন্য ক্ষতিকর এসব রঙ শুঁটকিতে মেশানো হচ্ছে জানিয়ে রুহুল আমীন বলেন, “খাওয়ার অযোগ্য এসব রঙ মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর।”অভিযানে শুঁটকি ব্যবসায়ী সজল বড়ুয়াকে ৫০ হাজার, মো. সোনা মিয়াকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া মো. সুকুমার বড়ুয়া ও আবদুল কালাম সওদাগরকে ১০ হাজার এবং শাহীন ট্রেডার্স  ও মেসার্স বাকলিয়া ট্রের্ডাসকে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয় বলে জানান তিনি।

লবণ দিয়ে শুকানো এসব শুঁটকির ব্যাপক চাহিদা রয়েছে সারাদেশ। আছাদগঞ্জ থেকেই সরবরাহ করা এর সিংহভাগ।

এএইচ