রাজশাহী নগরীর বর্ণালী মোড় এলাকায় ট্রেনে কাটা পড়ে দেলশাদ আলী নামে রাজশাহী কলেজের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। দেলশাদ রাজশাহী কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের প্রথমবর্ষের শিক্ষার্থী ছিলেন।
বুধবার রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে চাঁপাইনবাবগঞ্জ থেকে একটি লোকাল ট্রেন ওই এলাকা অতিক্রম করছিল। এ সময় দেলশাদ আলী রেল লাইনের উপর দিয়ে পায়ে হেঁটে আসছিলেন। তাড়াহুড়া করে দেলশাদ রেল লাইন পার হওয়ার চেষ্টা করলে ট্রেনটি তাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।
তার কাছে থাকা আইডি কার্ড থেকে নিশ্চিত হওয়া গেছে তিনি রাজশাহী কলেজের শিক্ষার্থী ছিলেন। এ ছাড়া তাৎক্ষণিকভাবে তার পুর্ণ ঠিকানা জানা যায়নি।
এ বিষয়ে বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর হোসেন জানান, দেলশাদের লাশ উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে থানায় একটি ইউডি মামলা দায়ের করা হবে বলে জানান তিনি।
ইআর





