বিকল্প ব্যবস্থা গ্রহণ করে ক্রমান্বয়ে রাজধানী থেকে আন্তঃবাস টার্মিনাল সরিয়ে নেওয়া হবে।
এজন্য স্থান নির্ধারণসহ অন্যান্য কাজ দ্রুত সময়ে শেষ করার উদ্যোগ নেওয়া হয়েছে। পরিবহনসহ অন্যান্য সমস্যা সমাধানেও দ্রুত উদ্যোগ নেওয়া হবে।
রোববার (০১ ডিসেম্বর) রাজধানীর নগরভবনে ঢাকা সড়ক পরিবহন সমন্বয় কর্তৃপক্ষর (ডিটিসিএ) বোর্ড সভায় এ কথা বলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
ওবায়দুল কাদের বলেন, ‘ফুটপাত দখলমুক্তকরণ, অবৈধ স্থাপনা উচ্ছেদ ও ব্যাটারিচালিত যানবাহনমুক্তসহ বেশকিছু উদ্যোগ ও কার্যক্রম গ্রহণ করা হয়েছিল। এখন সিটি করপোরশন আবার শুরু করছে। যদিও রাতারাতি পরিবর্তন সম্ভব নয়। তবে পর্যায়ক্রমে সম্পন্ন করা হবে।’
তিনি আরও বলেন, ‘রাজধানীতে ব্যাটারিচালিত ইজিবাইক যানজট তৈরি করছে। সড়ক থেকে তা অপসারণে বিআরটিএ-সহ সংশ্লিষ্টদের নির্দেশ দেয়া হয়েছে। এছাড়া মোহাম্মদপুর বিআরটিসির বাস ডিপোর পাশে যানজট নিরসনে সমন্বয়ের প্রস্তাব এসেছে। সেটা সরেজমিন দেখে বাস্তবসম্মত পদক্ষেপ গ্রহণ করতে বলা হয়েছে।
পরিবহনসহ অন্য সমস্যা সমাধানে দ্রুত স্বল্প, মধ্যম ও দীর্ঘ মেয়াদের পরিকল্পনা গ্রহণ এবং বাস্তবায়নে একটি অ্যাকশন প্ল্যান প্রণয়ন করা হবে।’
মন্ত্রী এ সময় মহানগরীতে সড়কের পাশে বাস-বে নির্মাণ, ফুটপাত দখলমুক্ত ও অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম ত্বরান্বিতের নির্দেশ দিয়েছেন।
তিনি বলেন, ডেঙ্গু পরিস্থিতির কারণে রাজধানীর সড়ক থেকে অবৈধ রিকশা, ব্যাটারিচালিত রিকশা, সিএনজিচালিত অটোরিকশা এবং অবৈধ যানবাহন উচ্ছেদ করা সম্ভব হয়নি। এই কাজ রাতারাতি সম্ভব নয়। এজন্য আবার উদ্যোগ নেওয়া হয়েছে। এ কাজ সিটি করপোরেশন ও ডিসিএর সহযোগিতায় পুলিশ পালন করবে।
ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) ১৩তম এ সভায় সংশ্লিষ্ট সিটি করপোরেশন ও পুলিশকে এ নির্দেশনা দেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা উত্তর, দক্ষিণ, নারায়ণগঞ্জ ও গাজীপুর সিটি করপোরেশনের মেয়র, ডিএমপি কমিশনার, রাজউক চেয়ারম্যানসহ বিভিন্ন পৌরসভার মেয়ররা।
এএস





