বিল দেয়ার ভয়ে রাতের অন্ধকারে অ্যাপোলো হাসপাতাল থেকে বিএনপির যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ পালিয়েছেন বলে মন্তব্য করেছেন ডিএমপির যুগ্ম-কমিশনার (মিডিয়া) মনিরুল ইসলাম।

বুধবার নিজ কার্যালয়ে তিনি সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন।

মনিরুল ইসলাম বলেন, ‘অসুস্থ থাকায় রিজভীকে পুলিশ হাসপাতালে নিয়ে গিয়েছিল। তার আত্মীয়স্বজন না আসা পর্যন্ত পুলিশ পাশে ছিল। তবে স্বজনরা আসার পর পুলিশ হাসপাতাল থেকে চলে আসে। যেহেতু তাকে আটক করা হয়নি তাই সেখানে পুলিশ প্রহরার কোনো প্রয়োজন ছিল না।’

তিনি বলেন, ‘হাসপাতালের বিল পরিশোধের ভয়েই রিজভী আহমেদ রাতের অন্ধকারে পালিয়ে গেছেন।’ তবে এখন তিনি কোথায় আছেন তা তিনি বলতে পারেননি।

এদিকে রিজভীর ঘনিষ্ঠজন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-সম্পাদক প্রফেসর আমিনুল বলেন, ‘আমরাও শুনেছি রিজভী ভাই হাসপাতালে নেই। কিন্তু তার সঙ্গে কোনোভাবেই যোগাযোগ করতে পারছি না। এতো পুলিশি প্রহরায় হাসপাতাল থেকে তিনি পালিয়ে যান কীভাবে? আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে অন্য কোথাও নিয়ে গেছে হয়তো।’

তবে গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে রিজভী আহমেদ বলেন, ‘আমি আগের থেকে এখন অনেকটাই সুস্থ। আমাকে পুলিশ কোনো মামলায় আটক করেছে কি না এ বিষয়ে কিছুই জানায়নি।’ তার রুমের আশপাশে গোয়েন্দা ও পুলিশ সদস্যরা পাহারা দিচ্ছে জানিয়েছিলেন তিনি।

উল্লেখ্য, গত শনিবার রাতে ডিবির একটি দল নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় থেকে অসুস্থ রিজভী আহমেদকে ধরে নিয়ে যায়। ডিবির দাবি, রিজভী অসুস্থ থাকায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তাকে আটক করা হয়নি।

জেআই