নীলফামারীতে এক ছাত্রদল নেতাকে হত্যার অভিযোগে তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। ২০১৩ সালে দায়ের করা হত্যা মামলায় আসামীদের ফাঁসির আদেশ দেন আদালত। হত্যার শিকার ছাত্রদল নেতা হলেন, জেলার ডোমার সরকারী কলেজ শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক রাকিব হাসান পাপ্পু।

আজ বুধবার দুপুরে নীলফামারী অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মাহবুবুল আলম এ রায় দেন।

সাজাপ্রাপ্তরা হলেন, ডোমার উপজেলার বোড়াগাড়ী বাগডোগরা গ্রামের আব্দুল হাকিম মুহুরীর ছেলে কামরুজ্জামান সেবু (২৮), লালমনিরহাটের আদিতমারী উপজেলার বড়ভিটা গ্রামের প্রসন্ন কুমার রায়ের ছেলে বৈদ্যনাথ রায় বৈদ্য (৩০) ও একই এলাকার সিরাজুর ইসলাম নাদের।

জানা যায়, ২০১৩ সালের ১৭ জুলাই বুধবার রাত সাড়ে ১০টার দিকে ডোমার উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের ডোমার-চিলাহাটি সড়কের বটতলী এলাকায় রাকিব হাসান পাপ্পুকে গলাকেটে হত্যা করে তার মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায় আসামীরা। এ ঘটনায় নিহতের চাচা মকমুদুল হক চানু বাদী হয়ে কামরুজ্জামান সেবু সহ কয়েকজনের নাম উলে­খ করে ডোমার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষে আদালতে অভিযোগ পত্র দাখিল করলে দীর্ঘ শুনানী শেষে আদালত এ রায় দেন। জেলা ও দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট অক্ষয় কুমার রায় বিসয়টি নিশ্চিত করেন।

এমআর