১৩০তম বন্দর দিবস আজ। নানান কর্মসূচির মধ্য দিয়ে এ বছর পালিত হবে দিনটি। বন্দর দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।

দিবসটি উপলক্ষে সকাল সাড়ে ৯টায় বন্দর ভবন চত্বরে জাতীয় ও বন্দরের পতাকা উত্তোলন করা হবে। এছাড়া বেলা ১১টায় শহীদ মুন্সি ফজলুর রহমান অডিটরিয়ামে গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন বন্দর চেয়ারম্যান।

বিকেল ৪টায় একই স্থানে বন্দরের মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা দেয়া হবে।

এদিকে, দিবসটি উপলক্ষে আগামী ২৭ ও ২৮ এপ্রিল পোর্ট এক্সপোর আয়োজন করা হয়েছে। নবনির্মিত কারশেডে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে ২৭ এপ্রিল সকালে এই এক্সপোর উদ্বোধন করবেন। এতে ১০০টির বেশি স্টল থাকছে।

পোর্ট এক্সপোর প্রথমদিন দুপুর ১২টা থেকে ৫টা পর্যন্ত এক্সপোর মুক্তমঞ্চে উন্মুক্ত আলোচনা, মতবিনিময় সভা, বিতর্ক প্রতিযোগিতা ও সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। পরদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত আলোচনা, মতবিনিময়, বিতর্ক প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

এমএনজে