বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙা নিয়ে পুরো দেশ যখন ক্ষুব্ধ তখনও অতীতের মত বিএনপি নীরবতা পালন করে কার্যত ভাস্কর্য ভাঙার পক্ষেই অবস্থান নিয়ে উস্কানি দিচ্ছে বলে মন্তব্য করেন, জাসদ কেন্দ্রীয় কমিটির সভাপতি হাসানুল হক ইনু।
আজ বুধবার (৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদ বিক্ষোভ মিছিল ও সমাবেশে এসব কথা বলেন।
এর পর ৫ রাস্তার মোড়ে ভাংচুরকৃত বঙ্গবন্ধুর ভাস্কর্যস্থলে প্রতিবাদ সমাবেশে বক্তব্যে ইনু বলেন, বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙে ফেলার হুমকি দাতারা চিহ্নিত রাজনৈতিক মোল্লা। সবসময় তারা বাংলাদেশের বিপক্ষে ভূমিকা রেখেছে। গভীর চক্রান্তের অংশ হিসেবে দেশকে অস্থিতিশীল করতে বিএনপি জামায়াত ভাড়াটে হিসেবে এখন তারা ভাস্কর্যের বিপক্ষে হুংকার ছেড়েছে।
তিনি বলেন, বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার মধ্যদিয়ে এই রাজনৈতিক মোল্লারা বঙ্গবন্ধু, মুক্তিযোদ্ধা, সংবিধান ও দেশের বিরুদ্ধে প্রকাশ্যেই অবস্থান নিয়েছে। এটা রাষ্ট্রদ্রোহিতার শামিল। এই অভিযোগে গ্রেপ্তার করে প্রত্যেককে সাজা দেয়া বাঞ্ছনীয়। এদের কোনও রকম ছাড় দেয়ার জায়গা নেই।
পুলিশ সুপার এসএম তানভীর আরাফাত ও স্থানীয় জাসদের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে হাসানুল হক ইনু ভাংচুরকৃত ভাস্কর্য পরিদর্শন করেন।
এদিকে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের চার আসামির পুলিশ রিমান্ড শুরু হয়েছে আজ। মামলার তদন্ত কর্মকর্তা কুষ্টিয়া মডেল থানার ওসি তদন্ত নিশিকান্ত সরকার বলেন, জিজ্ঞাসাবাদের জন্য আসামিদের হেফাজতে নিয়েছে পুলিশ।
এএস





