রোববার (২৬ অক্টোবর) সকাল ১১টায় সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ বৈঠক শুরু হয়। বৈঠকে সভাপতিত্ব করছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বৈঠকে শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান, মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক-ই-আজমসহ সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয় ও দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।
জাতীয় নির্বাচনকে ঘিরে আলোচ্য বিষয়গুলোর মধ্যে রয়েছে—
১. সারাদেশে চুরি, ছিনতাই, চাঁদাবাজি, দখলবাজি ও সংঘবদ্ধ অপরাধীদের তৎপরতা দমন।
২. জুলাই হত্যাকাণ্ডের মামলার অগ্রগতি পর্যালোচনা ও উসকানিমূলক সাইবার প্রচারণা নিয়ন্ত্রণ।
৩. নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ প্রতিরোধে আইনগত ও সামাজিক পদক্ষেপ গ্রহণ।
৪. মাদকদ্রব্যের অপব্যবহার রোধে কার্যকর অভিযান পরিচালনা।
৫. জামিনপ্রাপ্ত শীর্ষ সন্ত্রাসীদের পুনরায় অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধ ও নিষিদ্ধঘোষিত সংগঠনগুলোর তৎপরতা দমন।
৬. গার্মেন্টস শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ নিশ্চিত করা।
৭. শিল্পকারখানা, বিশেষ করে গার্মেন্টস ও ওষুধ শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির তৎপরতা প্রতিরোধ।
৮. অবৈধ অস্ত্র উদ্ধার ও অস্ত্র জমা কার্যক্রম জোরদার করা।
৯. সীমান্ত ও পার্বত্যাঞ্চলের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা।
১০. রোহিঙ্গা শিবিরের আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা পরিস্থিতি মূল্যায়ন।
১১. মা ইলিশ সংরক্ষণে কার্যকর পদক্ষেপ নিয়ে আলোচনা।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বৈঠকে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে মাঠপর্যায়ে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে আরও সতর্ক ও সমন্বিত ভূমিকা পালনের নির্দেশনা দেওয়া হতে পারে।
এনএইচ