'২০ লাখ টাকা চাঁদা দিবি, না দিলে তোর ব্যবসা প্রতিষ্ঠান উড়িয়ে দেওয়া হবে। টাইম বোমা পুঁতে রাখা আছে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানালে পরিণতি ভয়াবহ হবে।'

শুক্রবার রাতে একটি নম্বর থেকে ফোন করে এভাবেই হুমকি দেওয়া হয় বিএনপির সাবেক এমপি এসএ খালেককে।

এর পর তিনি বিষয়টি প্রথমে মৌখিকভাবে পুলিশের মিরপুর বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানান। পরে শুক্রবার রাতে দারুস সালাম থানায় একটি সাধারণ ডায়েরিও করেন।

শুক্রবার রাতেই রাজধানীর গাবতলীতে খালেকের মালিকানাধীন প্রতিষ্ঠান লাগোয়া স্থানে অভিযান চালিয়ে একটি 'টাইম বোমা' দেখতে পায় পুলিশ। পরে বোমা বিশেষজ্ঞরা পরীক্ষা করে দেখেন সেটি আসলে বোমা নয়।

এসএ খালেক জানান, শুক্রবার রাতেই একাধিকবার ফোন করে টাইম বোমা বসানোর কথা বলে চাঁদা দাবি করা হয়। তাকে প্রাণনাশের হুমকি দেয়া হয়।

দারুস সালাম থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম বলেন, নকল বোমা রাখার ভয় দেখিয়ে চাঁদা দাবি করা হয়েছিল। জড়িতদের চিহ্নিত করার চেষ্টা চলছে।

ঢাকা, ১২ জুলাই (টাইমনিউজবিডি.কম) // কেএইচ