ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ৬০ কিলোমিটার তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে করে চরম দুর্ভোগ পোহাচ্ছেঘরমুখো যাত্রীরা। বিশেষ করে নারী ও শিশুদের পোহাতে হচ্ছে সবচেয়ে বেশি দুর্ভোগ।

বৃহস্পতিবার রাতে যানজট শুরু হয়ে মধ্যরাতে তা তীব্র ‍আকার ধারণ করে।

রাত সাড়ে তিনটায় দেখা যায়, মির্জাপুরের গোড়াই থেকে কালিহাতী উপজেলার সল্লা পর্যন্ত ৬০ কিলোমিটার সড়কে তীব্র যানজটের কারণে থেমে আছে গাড়ি।

যানজটে আটকা পড়া হানিফ পরিবহনের একটি বাসের যাত্রী আব্দুর রহিম জানান, টাঙ্গাইল নগর জলফৈ বাইপাসে দীর্ঘ দেড় ঘন্টা ধরে যানজটে আটকা পড়ে রয়েছি।

একই বাসের যাত্রী সোলায়মান জানান, ঢাকা থেকে টাঙ্গাইল পর্যন্ত আসতে সময় লেগেছে ৫ ঘন্টা।

ঢাকা থেকে ধনবাড়িগামী বিনিময় পরিবহনের একটি বাসের চালক মো. ওসমান গনি জানান, মহাসড়কে আগের তুলনায় বর্তমানে যানবাহনের সংখ্যা কয়েকগুন বেশি। আর সবচেয়ে বেশি হচ্ছে ঢাকাগামী গরুভর্তি ট্রাক। মূলত এই ট্রাক মহাসড়কের বিভিন্ন স্থানে বিকল ও বিভিন্ন যানবাহনের ওভারটেকিং এর কারণে যানজটের সৃষ্টি হয়েছে।

টাঙ্গাইল থানার উপ-পরিদর্শক (এসআই) মোস্তাক আহম্মেদ জানান, যানজট নিরসণে আমরা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি। তবে মহাসড়কে যানবাহনের চাপ অনেক বেড়ে যাওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে তিনি জানান। সকাল নাগাদ পরিস্থিতির উন্নতির আশা প্রকাশ করেন তিনি।

কেএইচ