ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই বিশ্ব ইজতেমার জন্য অবরোধ কর্মসূচি স্থগিত করার আহবান জানিয়েছেন।
দেশ-বিদেশ হতে আগত মুসল্লীরা যেন কোন প্রকার সমস্যায় না পড়েন সে জন্য অন্তত ইজতেমা পর্যন্ত এ কর্মসূচি বন্ধ রাখতে সব রাজনৈতিক দলের প্রতি তিনি এ আহ্বান জানান।
বুধবার রাতে ইসলামী আন্দোলনের এক বিবৃতিতে রেজাউল করীম এ তথ্য নিশ্চিত করেছেন।
রেজাউল করীম বলেন, বিশ্ব ইজতেমায় শরীক হওয়ার জন্য বিশ্বের বিভিন্ন প্রান্ত হতে হাজার হাজার ধর্মপ্রাণ মানুষ ইতিমধ্যে রওয়ানা হয়েছেন। বিশ্ব ইজতেমায় আসা দেশ-বিদেশের মুসল্লীদের সুবিধার্থে অবরোধ কর্মসূচি প্রত্যাহার বা স্থগিত করুন। যাতে করে নির্বিঘ্নে মুসল্লীরা ইজতেমায় বয়ান শোনাসহ সব কাজ করার সুযোগ পান।
তিনি আরও বলেন, বিশ্ব ইজতেমায় পথভোলা মানুষ দীনের পথের সন্ধান নিয়ে আলোকিত জীবন গড়ার জন্য বাকী সময়টুকু কাজে লাগিয়ে থাকেন। অনেক মানুষ এর মাধ্যমে নামাজ-রোজাসহ প্রয়োজনীয় দীনি তালিম পেয়ে থাকেন। কাজেই হেদায়েতের আলোকবর্তিকা বিশ্ব ইজতেমা সফল করা সবার জন্য একান্ত কর্তব্য ও দায়িত্ব।
এমকে





