ঢাকায় গুলশানে হলি আর্টিজান বেকারিতে হামলার পর সশস্ত্র বাহিনীর অভিযানে নিহত জঙ্গিদের দেহ থেকে আবারো নমুনা সংগ্রহ করেছেন ফরেনসিক বিশেষজ্ঞরা।

পুলিশের বিশেষ ইউনিট কাউন্টার টেররিজম ইউনিট নতুন করে বেশকিছু নমুনা চাওয়ায় বুধবার সম্মিলিত সামরিক হাসপাতালের হিমঘর থেকে নিহতদের মরদেহের বেশকিছু নমুনা সংগ্রহ করা হয়।

ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের সহকারী অধ্যাপক সোহেল মাহমুদ জানিয়েছেন, তারা যেসব নমুনা সংগ্রহ করে এনেছেন তার মধ্যে নিহতদের মাথার চুল এবং রক্তের নমুনা রয়েছে।

মাহমুদ বলেন, আমরা কাউন্টার টেররিজম ইউনিটের প্রয়োজনে হামলাকারীদের মাথার সামনের, পেছনের এবং কানের পাশ দিয়ে চুলের নমুনা সংগ্রহ করেছি। এছাড়া ২০ মিলিলিটার রক্ত সংগ্রহ করা হয়েছে।

এর আগে যে নমুনা নেয়া হয়েছিল সেটি ময়নাতদন্তের জন্য নেয়া হয়েছিল জানিয়ে তিনি বলেন, এবার তদন্তকারীদের প্রয়োজন মোতাবেক নমুনা নেয়া হল।

গত ১লা জুলাই ঢাকার গুলশানে হলি আর্টিজান বেকারিতে হামলায় ১৭ জন বিদেশি নাগরিকসহ বিশজন নিহত হয় যাদের জঙ্গিরা জিম্মি করেছিল।

ওই ঘটনায় দুজন পুলিশ কর্মকর্তা নিহত হন। পরদিন সকালে সেনাবাহিনীর নেতৃত্বে কমান্ডো অভিযানে নিহত হয় পাঁচ জঙ্গি।

সূত্র: বিবিসি