গাছ কাটা নিয়ে দু'পক্ষে সংঘর্ষে এক ইউপি সদস্যসহ ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো অন্তত পাঁচজন আহত হয়েছেন। শুক্রবার সকালে যশোরের বেনাপোলে রঘুনাথপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ইউপি সদস্য আব্দুল্লাহ (৫০) ও আজগার (৬০)। আহতদের নাভারন স্বাস্থ্য কমপ্লেক্স ও যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবারে রাতে ঝড়ে রাস্তার পাশে থাকা সরকারি গাছ উপড়ে পড়লে সকালে নিজের জমিতে পড়া সেই গাছ কাটতে যান আলাউদ্দিন, নাসির, গিয়াসউদ্দিন ও ফুলছদ্দিন নামের চার জন।

এ সময় ইউপি সদস্য তাদের গাছ কাটতে নিষেধ করলে কথা কাটাকাটির একপর্যায়ে তাদের হাতে থাকা দা ও কুড়াল দিয়ে ইউপি সদস্য ও তার সাথে থাকা অন্যদের ওপর হামলা চালায় বলে প্রত্যক্ষদর্শীরা অভিযোগ করে।

এতে ঘটনাস্থলেই ইউপি সদস্য আব্দুল্লাহর মৃত্যু হয়। হাসাপাতালে নেয়ার পথে মারা যান আজগার। এছাড়া আহত হয় আরও ৫ জন। তাদেরকে নাভারন স্বাস্থ্য কমপ্লেক্স ও যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এআর