চাঁপাইনবাবগঞ্জের মহিপুরে বখাটের হাঁসুয়ার কোপে নিহত স্কুলছাত্রী কনিকা হত্যার বিচার দাবিতে সড়ক অবরোধ, মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৯ মে) সদর উপজেলার মহিপুর বাজারে স্থানীয় ১৬টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা এসব কর্মসূচিতে অংশ নেন।

তারা সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত মহিপুর বাজারে সড়ক অবরোধ করে মানববন্ধন করে। এতে চাঁপাইনবাবগঞ্জ-রহনপুর সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

এ সময় মানববন্ধনে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, স্থানীয় ইউপি চেয়ারম্যান আসজাদুর রহমান মান্নু, সাবেক চেয়ারম্যান আরাফুল ইসলাম আজিজি, স্কুল শিক্ষক শফিকুল ইসলাম প্রমুখ।

তারা হত্যাকারী বখাটে আব্দুল মালেকের ফাঁসির দাবি করেন ও এলাকাকে মাদকমুক্ত করে শিক্ষার্থীসহ সবাইকে নিরাপদে জীবন-যাপনের সুযোগ তৈরির দাবি জানান।

এদিকে, হাঁসুয়া ‍দিয়ে কুপিয়ে কনিকাকে হত্যা ও তার তিন সহপাঠীকে জখমের কথা স্বীকার করে আটক বখাটে আব্দুল মালেক আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

এর আগে শুক্রবার সকালে কনিকাকে কুপিয়ে হত্যা করে বখাটে মালেক। ওইদিন রাতে মালেককে আসামি করে কনিকার মা অঞ্জলী রানী দাস থানায় মামলা করেন।

ওএফ