কিশোরগঞ্জের মিঠামইন উপজেলায় আধিপত্য বিস্তারের জেরে দু’পক্ষের সংঘর্ষে সহোদর৩ ভাই’সহ ৫ জন নিহত হয়েছেন। এ সময় আরও অন্তত ৫০ জন নারী-পুরুষ আহত হয়েছে।
আজ (বৃহস্পতিবার) দুপুরে উপজেলার ঢাকি ইউনিয়নের চারিগ্রামে এ ঘটনা ঘটে।মিঠামইন উপজেলার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
নিহতরা হলেন- চারিগ্রাম এলাকার আব্দুল আজিজের ৩ ছেলে ফারদিস (৫৫), মাখন (৪৮) ও মাসুম (৪৫), সুজন মিয়ার ছেলে রাজীব (৩২), আইয়ুব রেজার ছেলে মকবুল মিয়া (৩৩)।
ঢাকি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন, চারিগ্রামের টাগুরিয়াপাড়ার সুলেমান ভুঁইয়ার সমর্থকদের সঙ্গে ভুঁইয়া হাঁটি এলাকার পল্লব ভুঁইয়ার সমর্থকদের এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। জমি ও মাছের বিল নিয়ে উভয়পক্ষের মধ্যে একাধিক মামলাও আদালতে বিচারাধীন রয়েছে।
আজ দুপুর ১২টার দিকে সুলেমান ভুঁইয়ার আত্মীয় সুজন মিয়ার ছেলে রাজীব মিঠামইন বাজার থেকে বাড়ি ফিরছিলেন। পথে নয়াহাটি এলাকায় প্রতিপক্ষের লোকজন তাঁর ওপর হামলা চালায়। একপর্যায়ে বুকে বল্লমের আঘাতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
রাজীবের মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে সুলেমান ভুঁইয়ার সমর্থকরা একত্রিত হয়ে প্রতিপক্ষ পল্লব ভুঁইয়ার এলাকার দিকে এগিয়ে যান। এ সময় পল্লবের সমর্থকরাও অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে বেরিয়ে আসে। একপর্যায়ে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। প্রায় দুই ঘণ্টা ধরে এই সংঘর্ষ চলে। এ সময় আরও ৪ জন মারা যান বলে প্রত্যক্ষদর্শীরা জানায়।
নিহতদের মধ্যে ৩ জন পল্লব ভুঁইয়ার সমর্থক। এঁরা হলেন তিন সহোদর ফারদিস, মাখন ও মাসুম। রাজীব (৩২) ও মকবুল মিয়া (৩৩) সুলেমান ভুঁইয়ার সমর্থক।
মিঠামইন থানার ওসি আলমগীর হোসেন আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। পরে বিস্তারিত জানানো যাবে।
এমবি





