টাঙ্গাইলের মির্জাপুরে বংশাই নদীতে ট্রলার ডুবির ঘটনায় আলমগীর হোসেন (৩৫) নামে এক যুবক নিখোঁজ হয়েছেন।

মির্জাপুরের বংশাই নদীতে রোববার সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আলমগীরের বাড়ি সিরাজগঞ্জের চৌহালীতে।

দুর্ঘটনায় বেঁচে যাওয়া শ্রমিক মো. মোল্লা মিয়া (৪০) জানান, তারা টাঙ্গাইলের ভূঞাপুর এলাকা থেকে ইঞ্জিনচালিত নৌকায় বালু বোঝাই করে গাজীপুর যাচ্ছিলেন। সকালে মির্জাপুর উপজেলার চাকলেশ্বর উচ্চ বিদ্যালয়ের কাছে এলে একটি ট্রলার (বলগেট) তাদের নৌকাটিকে ধাক্কা দেয়। এতে তাদের নৌকা নদীতে ডুবে যায়। এ সময় নৌকায় মাঝিসহ ১৫ জন ছিলেন। তাদের মধ্যে ১৪ জন তীরে উঠলেও একজন উঠতে পারেননি। এ সময় ডুবে যাওয়া নৌকার ছাদের টিনে কেটে গিয়ে দুজন আহত হয়েছেন।

ঢাকা, ২৪ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেএ