নারায়ণগঞ্জ শহরে মসজিদে বিস্ফোরণের ঘটনায় জেলা প্রশাসনের তদন্ত কমিটির প্রতিবেদন জমার তারিখ আরও সাত দিন পিছিয়েছে। জেলা প্রশাসন গঠিত তদন্ত কমিটি ধার্য তারিখে প্রতিবেদন দিতে পারেনি; আরও সাত দিনের সময় চেয়েছে তদন্ত কমিটি।

বৃহস্পতিবার তদন্তের প্রতিবেদন দেয়ার দিন ধার্য করা হলেও আরও সাত দিনের সময় চেয়েছে কমিটি। বৃহস্পতিবার এ তথ্য জানান নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. জসীম উদ্দিন।

এর আগে ৬ সেপ্টেম্বর রাতে জেলা প্রশাসন থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৪ সেপ্টেম্বর ফতুল্লা থানাধীন বাইতুস সালাত জামে মসজিদে অগ্নিকাণ্ডে অনেকেই মৃত্যুবরণ করেছেন। এর পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়।

প্রসঙ্গত গত শুক্রবার রাত পৌনে ৯টার দিকে ফতুল্লার তল্লা চামারবাড়ি বাইতুস সালাত জামে মসজিদে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিস্ফোরণের পর ফায়ার সার্ভিসের ছিটানো পানি জমার পর সেখান থেকে তিতাস গ্যাসলাইনে লিকেজ পাওয়া যায়।

ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে, মসজিদের সামনে গ্যাসের লাইনের লিকেজ থেকে বিস্ফোরণ হয়েছে।

ঘটনার পর রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে সংকটাপন্ন ৩৭ জনকে ভর্তি করা হয়। এর মধ্যে এখন পর্যন্ত ২৯ জন মারা গেছে। আইসিইউতে আছেন সাতজন। আর মাত্র একজন সুস্থ হয়ে বাড়ি ফেরেন।

এএস