পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী ৫ দফা দাবি আদায়ে রোববার বৃহত্তর চট্টগ্রামে পরিবহন ধর্মঘটে যাচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন। গত ২৫ অক্টোবর এ ধর্মঘটের ডাক দেয় তারা।
শনিবার সন্ধ্যায় বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন পূর্বাঞ্চলীয় কমিটির সভাপতি মৃণাল চৌধুরী এ কথা জানান।
মৃণাল চৌধুরী বলেন, ‘৫ দফা দাবিতে সড়ক পরিবহন শ্রমিক কনভেনশন থেকে ২০ দিন আগে পরিবহন শ্রমিক ধর্মঘটের ডাক দেয়া হয়েছিল। তবে দাবি আদায়ে সরকারের পক্ষ থেকে কোনো ইঙ্গিত পাওয়া যায়নি। সে কারণে আমাদের ডাকা ধর্মঘট বহাল থাকবে। ব্যক্তিগত গাড়ি ছাড়া কোনো ধরনের পরিবহন বৃহত্তর চট্টগ্রামে চলাচল করবে না।’
আগামীকাল ১৬ নভেম্বর ভোর ৬টা থেকে ১৭ নভেম্বর ভোর ৬টা পর্যন্ত বৃহত্তর চট্টগ্রামের কোনো সড়কে পরিবহন শ্রমিকরা কাজ করবেন না বলে জানান তিনি।
৫ দফা দাবিগুলো হচ্ছে- চট্টগ্রামের বিভিন্ন পরিবহনের জন্য টার্মিনাল নির্মাণ করা, অবৈধ গাড়ি উচ্ছেদ ও যানজট নিরসন করা, সড়ক পরিবহন শ্রমিকদের নিয়োগপত্র প্রদান করা, সড়কে পুলিশি হয়রানি বন্ধে কার্যকর ব্যবস্থা নেয়া ও সড়ক দুর্ঘটনার জন্য এককভাবে পরিবহন শ্রমিকদের দায়ী না করে সমন্বিত ব্যবস্থা গ্রহণ করা।
জেআই





