একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি।

বুধবার রাতে প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের পক্ষ থেকে এ কথা জানানো হয়। টানা তৃতীয়বারের মতো নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানান ইরানি প্রেসিডেন্ট রুহানি।

এর আগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান। প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের পক্ষ থেকে জানানো হয়, টানা তৃতীয়বারের মতো নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় দেশের উন্নয়ন আরো গতি পাবে বলে আশাবাদ জানান রুশ প্রেসিডেন্ট পুতিন।

এ ছাড়া আজ ভারতের কংগ্রেস দলের চেয়ারপারসন সোনিয়া গান্ধিও প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান। নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ে ভারতীয় কংগ্রেস দলের নেতা প্রধানমন্ত্রীর কাছে পাঠানো এক বার্তায় সামনের দিনে প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনার আরো সাফল্যের পাশাপাশি বাংলাদেশের অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন।

গত রোববার একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

নির্বাচনে জয়লাভ করায় গত সোমবার শেখ হাসিনাকে অভিনন্দন জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ ছাড়া অভিনন্দন জানিয়েছে সৌদি আরব, কাতার ও শ্রীলঙ্কা।

জেড