ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেন, ‘চলতি বছরের ৫ জানুয়ারি থেকে একটি বিশেষ মহল হরতাল অবরোধের নামে পেট্রলবোমা মারছে, মানুষকে পুড়িয়ে হত্যা করছে। তাঁদের আক্রমণ থেকে কর্তব্যরত পুলিশও নিরাপদ নয়।
বৃহস্পতিবার রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন মাঠে ঢাকা মহানগর পুলিশের ‘৪০তম প্রতিষ্ঠিতা বার্ষিকী’ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি একথা বলেন।
তিনি বলেন,'এখন পর্যন্ত পেট্রল বোমা হামলায় ডিএমপিতে ৪জন পুলিশ সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন ৬৪জন।'
তিনি আরোও বলেন, ২০১৪ সালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানায় ১৯ হাজার ৪০৭টি মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে আদালতে ৭০ শতাংশ মামলার চার্জশীট জমা দেয়া হয়েছে । ‘আমরা ঢাকা শহরকে অপরাধমুক্ত দেখতে চাই। সেজন্য নগরবাসীর সহযোগিতা প্রয়োজন।’
তিনি বলেন, ‘গত বছর নগরীর বিভিন্ন এলাকা থেকে বিপুল পরিমাণ জালনোট, মাদ্রকদ্রব্য, অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। ট্রাফিক নিয়ম কানুন ভঙ্গ করায় বিভিন্ন রুটের যানবাহনকে প্রায় ২৫ কোটি ৫৯ লাখ টাকা জরিমানা করা হয়েছে।’
কমিশনার বলেন, ‘পুলিশ শুধু নগরবাসীর নিরাপত্তা নিশ্চিতকরণেই কাজ করছে না, সাধারণ মানুষের পাশে দাঁড়াতেও দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। এরই অংশ হিসেবে এবারের শীতে ২০ হাজারের বেশি শীতবস্ত্র বিতরণ করা হয়েছে সাধারণ মানুষের মধ্যে।’
কমিশনার আরো বলেন, নগরকে জানযট মুক্ত রাখতে উন্নত দেশগুলোর আদলে অত্যাধুনিক ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।
প্রতিষ্ঠা বার্ষিকি আনুষ্ঠানে উপস্থিত ছিলেন,কৃষি মন্ত্রী মতিয়া চৌধুরী, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আছাদুজ্জাম খান কামাল,পুলিশের আইজি একেএম শহিদুল হকসহ বিভিন্ন দেশের কুটনৈতিকবৃন্দ ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা।
এআই/এমকে





