সচিবের হাতে অপমানে মুক্তিযোদ্ধা আইয়ুব খান আত্মহত্যার ঘটনায় একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করছে জনপ্রশাসন মন্ত্রণালয়। মঙ্গলবার কমিটি গঠনের এই আদেশ জারি করা হচ্ছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কামাল আবদুল নাসের চৌধুরী সোমবার বিকেলে বলেন, ‘তথ্য সচিব মরতুজা আহমদের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠনের প্রক্রিয়া চলছে। এটি হবে এক সদস্য বিশিষ্ট কমিটি। মঙ্গলবার কমিটি গঠনের আদেশ জারি করা হবে।’

তদন্তের কার্যদিবসসহ এ সংক্রান্ত বিস্তারিত তথ্য কমিটি গঠনের আদেশ জারির পর জানানো হবে হবে বলে তিনি জানান।

প্রসঙ্গত, ৭ জুলাই চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার আইয়ুব খান নামের একজন ষাটোর্ধ্ব মুক্তিযোদ্ধা ঢাকার একটি হোটেলে বিষপান করে আত্মহত্যা করেন। মৃত্যুর আগে তিনি এক চিঠিতে লিখেছেন, মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের সচিব এম এ হান্নান তাকে বাসা থেকে গলা ধাক্কা দিয়ে বের করে দিয়েছেন। এই অপমান সইতে না পেরে তিনি আত্মহত্যা করেছেন।

চট্টগ্রাম দক্ষিণ জেলা ইউনিট কমান্ড ঘোষণার জন্য সচিবকে মাছ, শুটকি, টাকা দিয়েছেন বলেও তিনি চিঠিতে উল্লেখ করেছেন।

তবে পরের দিন সচিব এক প্রতিবাদপত্রে এ অভিযোগ নাকচ করে দিয়ে জানিয়েছেন, আইয়ুব খানকে তিনি চেনেনই না।

অপরদিকে অভিযোগের বিষয়ে তথ্য সংগ্রহের জন্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব শেখ মিজানুর রহমানকে দায়িত্ব দেওয়া হয়েছে।

এএইচ