আগামীকাল ১ মে আন্তর্জাতিক শ্রমিক শ্রেণীর ঐক্য ও সংহতি মহান মে দিবস উপলক্ষে বৃহত্তর চট্টগ্রামে সকল রুটে সকল ধরণের যাত্রিবাহী ও পণ্যবাহী গাড়ী চলাচল বন্ধ থাকবে।

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম আঞ্চলিক শাখার উদ্যোগে  ১লা মে সড়ক পরিবহন শ্রমিকেরা ছুটি ভোগ করবে এবং বৃহত্তর চট্টগ্রামে সকাল ৬ টা থেকে সন্ধ্যা ৬টা গাড়ি বন্ধ রেখে  বিকাল ৩টায় চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে সড়ক পরিবহন শ্রমিক সমাবেশে অংশ নেবে।

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম আঞ্চলিক শাখার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির বিষয়ে জানানো হয়।

ঐদিন বিকালে সমাবেশ শেষে বর্ণাঢ্য লাল পতাকার মিছিল চট্টগ্রাম শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করবে।

এদিকে পহেলা মে’র কর্মসূচি সফল করতে নগরীর বিআরটিসি মার্কেটস্থ কার্যালয়ে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন এক সভা শনিবার অনুষ্ঠিত হয়।

মে দিবস উদযাপন কমিটির আহ্বায়ক রবিউল মাওলার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বৃহত্তর চট্টগ্রামের ফেডারেশনভুক্ত সকল বেসিক ইউনিয়নের শ্রমিকদের যাত্রিবাহী ও পণ্যবাহী গাড়ী চলাচল বন্ধ রেখে যথাসময়ে সমাবেশে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়।

সভায় বক্তব্য রাখেন ফেডারেশনের আঞ্চলিক কমিটির সভাপতি মোহাম্মদ মুছা, সাধারণ সম্পাদক অলি আহমদ, মে দিবস উদ্যাপন কমিটির সদস্য সচিব হাজী আবদুস ছবুর, বোরহানুল হক, হারুনুর রশিদ, মো: জাফর, মো: ইউসুফ, মো: হারুন, আবদুল গফুর, নজরুল ইসলাম, মো: ইয়াছিন, নুরুল ইসলাম, মো: হাসান, দৌলত মিয়া, আবদুর রহিম প্রমুখ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন নেতৃবৃন্দ।

এমই/মাসুম