রাজবাড়ী আধুনিক সদর হাসপাতালে অপারেশন থিয়েটারে তিন চিকিৎসক ও নার্সসহ নয়জন অসুস্থ হয়ে পড়েছেন।

বুধবার দুপুর ১টার দিকে হাসপাতালের অপারেশন থিয়েটারে (ওটি) অপারেশন করার প্রস্তুতিকালে অসুস্থ হন তারা।

অসুস্থরা হলেন-ডা. আসফ মাহমুদ, ডা. দিপক কুমার বিশ্বাস, ডা. আশরাফুজ্জামান, সিনিয়র স্টাফ নার্স লাবনী চাকলাদার, সুলতানা বেগম, মালতি দাস, সালমা পারভিন, ইন্টার্ন নার্স হোসনেয়ারা খাতুন ও সুইপার জয়।

সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. আব্দুল হান্নান জানান, বুধবার সকাল থেকেই ওটিতে বিভিন্ন রোগের অপারেশন চলছিল। এক সময় বিদ্যুৎ চলে যাওয়ায় জেনারেটর চালিয়ে অপারেশন করা হচ্ছিল। এভাবে তিনজনের অ্যাপেন্ডিসাইটিস অপারেশন করা হয়। অপারেশন শেষে তাদের বেডে দিয়ে পুনরায় অপারেশনের প্রস্তুতি নিচ্ছিলেন চিকিৎসক ও নার্সরা। এসময় অপারেশন থিয়েটারে থাকা তিনজন চিকিৎসক, পাঁচজন নার্স ও একজন সুইপার মাথা ঘুরে অসুস্থ হয়ে পড়েন। এদের মধ্যে কেউ কেউ মাথা ঘুরে ফ্লোরে পড়ে যান।

তাৎক্ষণিকভাবে তাদের চিকিৎসার ব্যবস্থা করা হয়। বর্তমানে তারা আশঙ্কামুক্ত বলেও জানান তিনি।

তিনি আরো জানান, ধারণা করা হচ্ছে, বদ্ধ অপারেশন থিয়েটারের মধ্যে জেনারেটর থেকে নির্গত কার্বন ডাই অক্সাইডের প্রভাবে এমন হয়েছে।

খবর পেয়ে রাজবাড়ীর ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. বিমল চন্দ্র বেপারী হাসপাতাল পরিদর্শন করেছেন।

ঢাকা, ২৪ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এএইচ