নড়াইলে নব নির্বাচিত ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যদের নগদ টাকার বিনিময়ে শপথ পড়ানোর অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (২৩ জুন) সকালে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে সদর উপজেলার ৭টি ইউনিয়নের নব নির্বাচিত ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যদের শপথ অনুষ্ঠিত হয়।
নব নির্বাচিত একাধিক জনপ্রতিনিধি অভিযোগ করে জানান, শপথের আগে সদর উপজেলা নির্বাহী অফিসার নাছিমা খাতুনের সিএ ইউনুছের নিকট প্রত্যেক চেয়ারম্যানকে ১ হাজার করে এবং প্রত্যেক সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্য কে ৫শ করে নগদ টাকা দিতে হয়েছে। প্রকাশ্যেই নামের তালিকা করে এই টাকা নিয়েছেন সিএ ইউনুছ।
কাছে টাকা না থাকায় অনেক জনপ্রতিনিধি বিব্রতকর অবস্থায় পড়েন। টাকা জমা দিতে দেরি হওয়ায় শপথ পড়াতেও একটু দেরি করা হয়।
শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক মোঃ হেলাল মাহমুদ শরীফ।
এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগ সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক এ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলু, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সিদ্দিকুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান মনিরুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার নাছিমা খাতুন প্রমুখ।
শপথ শেষে একাধিক ইউপি সদস্য অভিযোগ করে বলেন, শপথ পড়ার জন্য উৎকোচের এ টাকা দিতে গিয়ে অনেক জনপ্রতিনিধি বিরক্তি প্রকাশ করেন।
এসময় ইউএনও অফিসের এক কর্মচারী জন প্রতিনিধিদের সতর্ক করে বলেন এই অফিসেই কাজে আসতে হবে। এ ব্যাপারে জানার জন্য সদর উপজেলা নির্বাহী অফিসার নাছিমা খাতুনের নিকট মোবাইল করলে তিনি মিটিংয়ে আছেন বলেই কেটে দেন।
এমআইএস





