পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, “সরকার হাজার হাজার কোটি টাকা ব্যয়ে ঢাকা-সিলেট ৬ লেন সড়ক নির্মাণ করছে। সড়কটি আধুনিক ও বিশ্বমানের হবে।”
তিনি বলেন, “এই ৬ লেন সড়কের ১৭ কিলোমিটার ফ্লাইওভারসহ মধ্যখানে ডিভাইডার থাকবে। সড়কের পাশাপাশি ডাবল রেললাইন স্থাপন করা হবে। এছাড়া পদ্মা সেতু ও কর্ণফুলি নদীতে সুরঙ্গ পথের কাজ প্রায় শেষ পর্যায়ে।”
শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর সোয়া ১২টার দিকে মৌলভীবাজার পৌরসভা আয়োজিত প্রেসক্লাব চত্বরে কোদালীছড়ার উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনামন্ত্রী এইসব কথা বলেন।
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান আরও বলেন, “কিছু লোক আমাদের মধ্যে ঢুকে পড়েছে। এরা মনে প্রাণে বাংলাদেশের ভালো চায় না। তাদের কারণে ত্রিশ লাখ মানুষের রক্ত দিতে হয়েছিল। আওয়ামী লীগের কর্মী হওয়া গর্বের বিষয়। এখন জ্বালাও পোড়াওয়ের দিন শেষ, উন্নয়নের বাংলাদেশ। সেতু-কালভাটের উন্নয়ন করলে হবে না। শত্রুদের চিহ্নিত করতে হবে। গণতান্ত্রিক সরকার স্বৈরতান্ত্রিক সরকার নয়। গায়ের জোরে কিছু করা যায় না। গায়ের জোরে কাজ করে স্বৈরশাসক। এই সরকার আপনাদের সরকার।”
পরিকল্পনামন্ত্রী বলেন, “সরকার মুক্তিযোদ্ধা ভাতা ২০ হাজার টাকা করেছে, ১০ টাকায় চাল, বিনামূল্যে চাল ও ঋণ সুবিধা দিয়েছে। দরিদ্রের ম্যাপ আছে, বিদ্যুতের ম্যাপ আছে, স্কুলের ম্যাপ আছে। প্রত্যেক জেলায় পর্যায়ক্রমে যারা পিছিয়ে আছে তাদের উন্নয়নে অগ্রাধিকার দেওয়া হবে। কোনো প্রকল্প নিলে সাধারণ মানুষের উপকার হয় কিনা সেটি প্রধানমন্ত্রীকে বুঝাতে হয়।”
তিনি বলেন, “বাংলাদেশের কয়েকটি জেলা উঁচু, সেগুলোতে পানির একটু সমস্যা হয়। আমরা সবাই মিলে কাজ করতে চাই। আমাদের কাছে মনে হয় সব সমস্যা এক দিনেই সমাধান করে দেই। কাজ শেষ করার অপেক্ষা করতে হবে। আগামী পাঁচ বছর কী কাজ হবে সেটির পরিকল্পনা করা হয়েছে। পরিকল্পনা ব্যতীত কোনো কাজ হয় না।”
এমবি





