পদ্মায় ডুবে যাওয়া এমএল পিনাক-৬ লঞ্চটির নিখোঁজ যাত্রীর তালিকা ক্রমশ দীর্ঘ হচ্ছে। সোমবার ভোর রাত পর্যন্ত ১১৮ জন নিখোঁজ যাত্রীর তালিকা তৈরি করেছে কর্তৃপক্ষ।

তালিকা তৈরি করতে স্থানীয় প্রশাসন মাওয়া ঘাটে তাবু টাঙিয়ে কার্যক্রম অব্যাহত রেখেছে। সেখানে ভিড় জমানো স্বজনদের কাছ থেকে খোঁজ-খবর নিয়ে তালিকায় ১১৮ জনের নাম লিপিবদ্ধ করা হয়েছে।

শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহবুবুর রহমান নিখোঁজ ১১৮ জনের নাম তালিকাভুক্ত করার বিষয়টি নিশ্চিত করেন।

বিআইডব্লিউটিএ, বিআইডব্লিউটিসি, শ্রীনগর ও লৌহজং থানা পুলিশ এবং উপজেলা প্রশাসন পৃথকভাবে মৃতের তালিকা, নিখোঁজের তালিকা ও উদ্ধারের তালিকা তৈরি করছে।

মাওয়া ঘাটের উদ্দেশে কাওড়াকান্দি ঘাট থেকে ছেড়ে আসা যাত্রীবাহী লঞ্চ এমএল পিনাক-৬ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে পদ্মা নদীতে প্রবল স্রোত এবং বাতাসে পড়ে ডুবে যায়। দুর্ঘটনার পরপরই ট্রলার ও স্পিডবোট নিয়ে স্থানীয় বাসিন্দারা উদ্ধার কাজ শুরু করেন। পরে কোস্ট গার্ড, ফায়ার সার্ভিস ও নৌবাহিনীর উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযানে যোগ দেন।

দুর্ঘটনার পর মাওয়া ঘাট ও আশপাশে থাকা স্পিড বোট, লঞ্চগুলো ঘটনাস্থলে গিয়ে নদীতে ঝাঁপিয়ে পড়া অর্ধশতাধিক যাত্রীকে উদ্ধার করে।

ঢাকা, ৫ আগস্ট, টাইমনিউজবিডি.কম) // জেআই