কুমিল্লার কলেজছাত্রী সোহাগী জাহান তনু হত্যার ঘটনায় আওয়ামী লীগপ্রধান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা কেন দিনাজপুরের ইয়াসমিন হত্যার ঘটনার মতো সরব না -সে প্রশ্ন উঠেছে ঢাকায় ওই ঘটনার বিচার দাবির এক সমাবেশে।

বুধবার জাতীয় প্রেস ক্লাবে ‘সুশাসনের জন্য নারী’ ব্যানারে সমাবেশে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক দিলারা চৌধুরী বলেন, “১৯৯৫ সালে পুলিশ দ্বারা ধর্ষণ ও হত্যার শিকার ইয়াসমিনের ঘটনায় বিচার দাবিতে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাস্তায় নেমেছিলেন

“তার উদ্দেশে বলতে চাই, এখন তো আপনি আরও ক্ষমতাধর, তাহলে কেন তনু হত্যার বিচার করছেন না? কেন আপনি চুপ? কেন হত্যাকাণ্ড নিয়ে একের পর এক নাটক মঞ্চায়ন হচ্ছে?

তনুর ময়নাতদন্ত প্রতিবেদন তৈরির চিকিৎসকরা পেশাদারিত্বের পরিচয় দিতে পারেনি বলেও অভিযোগ করেন তিনি।

“একবার বলেন আঘাতের চিহ্ন নেই, ১০ দিন পর বলছেন ধর্ষণের আলামত নেই। কীভাবে তনুর মৃত্যু হলো সেটা যদি আপনারা না-ই বলতে পারেন, তাহলে কিসের ডাক্তার আপনারা।

“কে আপনাদের সার্টিফিকেট দিয়েছে ডাক্তারি করার? মৃত্যুর কারণ যদি বের করতে না পারেন তাহলে দায়িত্ব ছেড়ে দেন।”

কোনো ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থসিদ্ধির জন্য এসব ‘পোস্টমর্টেম’ আখ্যান রচনা হচ্ছে বলেও অভিযোগ করেন অধ্যাপক দিলারা চৌধুরী।

সমাবেশে ‘তনু আমার বোন, তনু আমার কন্যা, তনু হত্যার বিচার চাই’, ‘সাজানো ময়নাতদন্ত রিপোর্ট মানি না, মানব না’ প্রভৃতি লেখা প্ল্যাকার্ড প্রদর্শন করা হয়।

আয়োজক সংগঠনের সমন্বয়কারী রুবি আমাতুল্লাহর সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে মহাসচিব শিউলি করিম ও সদস্য ইকরাম কবির বক্তব্য দেন।

ওএফ