দাবী পূরণের প্রধান মাধ্যম হচ্ছে আন্দোলন। অনেক বড় বড় দাবীই অর্জিত হয়েছে এই আন্দোলনের মাধ্যমেই। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৬ তম জন্ম জয়ন্তীর জাতীয় পর্যায়ের অনুষ্ঠান ময়মনসিংহের ত্রিশাল থেকে কুমিল্লায় স্থানান্তর করা হচ্ছে এমন খবরে বিক্ষোভে ফেটে পড়ে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার নজরুল প্রেমিক জনতা।

অব্যাহত কর্মসূচীসহ লাগাতার আন্দোলনের ঘোষণা দেন বিদ্রোহী ত্রিশালবাসী। কবির বাল্য স্মৃতি বিজড়িত ত্রিশালের দরিরামপুর নজরুল মঞ্চে জাতীয় পর্যায়ে অনুষ্ঠান ফিরিয়ে আনার দাবিতে গত ৪ দিন সভা, সমাবেশ, মিছিল, মানববন্ধন, মহাসড়ক অবরোধ করে ত্রিশালের ছাত্র- শিক্ষক থেকে শুরু করে সর্বস্তরের মানুষ।

ঐতিহ্য হারিয়ে যাচ্ছে শুনে বিক্ষোভে উত্তাল হয়ে উঠে ত্রিশালবাসী। সরকারী উর্ধতন কর্মকর্তারা ও জেলা প্রশাসক মুস্তাকীম বিল্লাহ ফারুকী জয়ন্তী ফিরিয়ে আনার ব্যবস্থার আশ্বাস দিলে অবরোধ প্রত্যাহার করা হয়।

লাগাতার কর্মসূচীর অংশ হিসাবে মঙ্গলবারও মহাসড়ক অবরোধের কথা থাকলেও সোমবার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব হাসান শাহীন জানান, নজরুল জন্ম জয়ন্তীর যে পোষ্টার ছাপা হচ্ছে তাতে জাতীয় পর্যায়ের কথা লেখা থাকবে।

এ খবর ছড়িয়ে পড়লে আনন্দে উদ্বেলিত হয়ে উঠে নজরুল প্রেমী ত্রিশালবাসী। শুরু হয় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ। দাবী মেনে নেওয়ায় ধন্যবাদ জানানো হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে।

আরেকটি সফল আন্দোলনে নিজেদের নাম যুক্ত করে নিলো ত্রিশালবাসী। বিদ্রোহী কবি ত্রিশালবাসীকেও করে গেছেন বিদ্রোহী। নিজেকে রেখে গেছেন ত্রিশালবাসীর হৃদয়ের মণি কোঠায়।

এমকে