জঙ্গিবাদ, সন্ত্রাস নির্মূল ও গণতন্ত্র রক্ষায় সবাইকে একত্রিত হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সিনিয়র আইনজীবী ব্যারিস্টার মওদুদ আহমদ।

তিনি বলেছেন ‘ব্লগার ও প্রকাশক হত্যাসহ সব ধরনের হত্যার বিরুদ্ধে আমাদের সবাইকে একত্রে বসতে হবে। আলোচনা করে এ সমস্যার সমাধান করতে হবে। এ সমস্যা এখন জাতীয় সমস্যা। সবাইকে মিলে একত্রিত হয়ে সন্ত্রাস জঙ্গিবাদ নির্মূল করতে হবে।’

শনিবার বিকেলে সুপ্রিম কোর্ট মিলনায়তনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম আয়োজিত ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘পুলিশকে দিয়ে দেশে সন্ত্রাস-জঙ্গিবাদ নির্মূলের কাজ হবে না। কারণ তারা সরকারের অনুগত হয়ে কাজ করে। এ জন্য সবার ঐক্যবদ্ধ প্রতিরোধ দরকার।’

মওদুদ বলেন, ‘জঙ্গিবাদ ও সন্ত্রাস নিয়ে ব্লেম-গেম খেলা ঠিক হবে না। এসব হত্যাকাণ্ডের জন্য বারবার বিএনপির উপর দোষ চাপানো ঠিক হবে না। বিএনপি সবসময় সন্ত্রাস-জঙ্গিবাদের বিরুদ্ধে।’  

অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, বিএনপির স্থায়ী কমিটির সদ্যস ব্রিগেডিয়ার জেনারেল আ.স.ম হান্নান শাহ, নজরুল ইসলাম খান, চেয়ারপারসেনর উপদেষ্টা সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট খন্দাকর মাহবুব হোসেন, সুপ্রিম কোর্ট বারের সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনসহ সুপ্রিম কোর্ট ও ঢাকা জজকোর্ট আইনজীবী সমিতির নেতারা।

এমএ