পিরোজপুরের নাজিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম খানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব লুৎফুন নাহার স্বাক্ষরিত এ সংক্রান্ত এক আদেশ জেলা প্রশাসকের কার্যালয় এসে পৌঁছেছে।
রোববার (২২ মে) আদেশটি ফ্যাক্স বার্তার মাধ্যমে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে (ইউএনও) এসে পৌঁছে।
ইউএনও তবিবুর রহমান রোববার সন্ধ্যা সাড়ে সাতটায় বিষয়টি নিশ্চিত করেন।
জানা গেছে, নজরুল ইসলাম খানের বিরুদ্ধে নাজিরপুর থানায় ২০১৩ সালের ২৭ অক্টোবর দায়ের করা একটি মামলায় অভিযোগপত্র আদালত কর্তৃক গৃহীত হয়েছে।
আদালতে অভিযোগপত্র গৃহীত হওয়ায় উপজেলা পরিষদ আইন, ১৯৯৮ উপজেলা পরিষদ (সংশোধন) আইন ২০১১ সংশোধিত এর ১৩খ (১) ধারা অনুসারে পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম খানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এর আগে ২০১৫ সালে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল। পরে উচ্চ আদালতের আদেশে তিনি স্বপদে বহাল হন।
নজরুল ইসলাম খান বলেন, আমাকে হয়রানি করতে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
ওএফ





