রাজধানীর ধানমন্ডিতে একই ফ্ল্যাটে গৃহকর্তী আফরোজা বেগম ও গৃহকর্মী দিতিকে যে দুটি ঘরে হত্যা করা হয়েছে সেই দুই ঘরের দুইটি আলমারির তালা ভাঙা অবস্থায় পাওয়া গেছে।
ডাকাতি না-কি চুরির পর এই হত্যাকাণ্ডটি সংগঠিত হয়েছে এনিয়ে এখনও নিশ্চিত হয়নি পুলিশ।
এ ঘটনা তদন্তে ওই অ্যাপার্টমেন্টের সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ জব্দ করা হয়েছে।
শুক্রবার (০১ নভেম্বর) বিকাল ৪টার পর ধানমন্ডি রোড নং ২৮, বাড়ি নং- ২১-এ অবস্থিত বাড়ির পঞ্চম তলা এই দুর্ঘটনা ঘটে।
এর আগে শুক্রবার বিকালে ধানমণ্ডির ওই বাড়ির একটি ফ্ল্যাট থেকে গৃহকর্ত্রী আফরোজা বেগম (৬৫) এবং তার গৃহকর্মী দিতির (১৭) লাশ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, দুর্বৃত্তরা চাকু দিয়ে গলা কেটে আফরোজা ও দিতিকে হত্যা করেছে। ফ্ল্যাটের আলমারি খোলা ছিল এবং জিনিসপত্র এলোমেলো পাওয়া যায়।
পুলিশের ধানমণ্ডি জোনের সহকারী কমিশনার (এসি) হাসিনুজ্জামান জানান, এ জোড়া খুনের ঘটনায় তারিমের পিএস বাচ্চু, বাসার কেয়ারটেকার বেলায়েত, ম্যানেজার প্রিন্স এবং স্থানীয় এক পান দোকানদারসহ কয়েকজনকে আটক করা হয়েছে।
ধানমণ্ডি থানার ডিউটি অফিসার এসআই নূর উদ্দিন জানান, জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর মাধ্যমে এ হত্যাকাণ্ডের খবর পেয়ে ডিএমপি রমনা বিভাগের সিনিয়র অফিসারর ঘটনাস্থলে যান।
এরপর সেখানে র্যাব, ডিবি, সিআইডি এবং পিবিআইয়ের সদস্যরা যান। আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিটের সদস্যরা পৃথকভাবে তদন্ত করেন।
পুলিশের রমনা বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) আবদুল্লাহ হিল কাফি বলেন, জিজ্ঞাসাবাদের জন্য কয়েকজনকে আটক করা হয়েছে।
তাদের জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের বিষয়ে ধারণা পাওয়া যেতে পারে। এডিসি কাফি আরও জানান, শুক্রবার ওই বাসায় একজন নতুন কাজের বুয়া এসেছিল।
হত্যাকাণ্ডের সঙ্গে তার কোনো যোগসাজশ আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। তিনি জানান, অ্যাপার্টমেন্টের সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ জব্দ করা হয়েছে।
এএস





