বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, আমি এমন একটা দেশ চাই যে দেশে সবাই নিরাপদে থাকবে। কোনো মা তার সন্তানকে গলা টিপে মারবে না। মায়ের পেটে সন্তান গুলিবিদ্ধ হবে না।

শুক্রবার (২৫ মার্চ) দুপুরে গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন।

তিনি বলেন, বঙ্গবন্ধু একটা দেশকে স্বাধীন করে দিয়ে গেছেন। আমরা হয়ত উপযুক্ত সন্তান না। আমরা সেই স্বাধীনতার ভালো ফল ভোগ করতে পারছি না। আমরা মারামারি, কাটাকাটি করছি।

নির্বাচন কমিশনকে অপদার্থ উল্লেখ করে বঙ্গবীর বলেন, সরকারকে ধ্বংস করার জন্য যড়যন্ত্র করে এ ধরনের নির্বাচন করছে নির্বাচন কমিশন।

তিনি বলেন, বাংলাদেশ ব্যাংকের টাকা চুরি হলেও সরকারের দায়বদ্ধতা আছে। ১২ জন মারা গেছে তারপরও আওয়ামী লীগ বলছে নির্বাচন সুষ্ঠু হয়েছে। তাহলে কতজন মারা গেলে নির্বাচন অসুষ্ঠু হবে এ প্রশ্ন করেন তিনি।

এর আগে টুঙ্গীপাড়ায় পৌঁছে বঙ্গবন্ধুর কবরের পাশে দাঁড়িয়ে পবিত্র ফাতেহা পাঠ ও মোনাজাত করেন তিনি। পরে বঙ্গবন্ধুর কবরের পাশে বসে কাঁদেন।

এ সময় তার সঙ্গে কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার বীর প্রতীক, ফরিদ আহম্মেদ, রফিকুল ইসলামসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এআইজে