মাগুরার মহম্মদপুর উপজেলার বিনোদপুরে মঙ্গলবার রাতে ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী গোলাম মোস্তফা তালুকদার (৫৫) নিহত হয়েছেন। এ সময় মোটরসাইকেলের চালক আরিফুজ্জমান মিলটন (৩২) গুরুতর আহত হয়েছেন।

নিহত গোলাম মোস্তফা মহম্মদপুরের শ্যামনগর গ্রামের প্রয়াত মোসলেম তালুকদারের ছেলে।

প্রত্যক্ষদর্শী বিনোদপুর বাজারের ব্যবসায়ী মানিক মিয়া জানান, রাত সাড়ে ৯টার দিকে মাগুরা থেকে মহম্মদপুরগামী একটি মোটরসাইকেলকে পেছন থেকে ধাক্কা দেয় একটি দ্রুতগামী মালবাহী ট্রাক। এ সময় মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়ে ঘটনাস্থলে মারা যান।

মহম্মদপুর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. মোকসেদুল মোমিন জানান, আহত মিলটনের উন্নত চিকিৎসার জন্য মাগুরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত গোলাম মোস্তফার লাশ পরিবারের সদস্যরা বাড়িতে নিয়ে গেছেন।

ইআর