বঙ্গোপসাগের একটি মাছ ধরার ট্রলার ডুবে চরফ্যাশনের পাঁচ জেলে নিখোঁজ রয়েছেন। শনিবার দুপুরে এ ঘটনা ঘটলেও রাত পর্যন্ত তাদের কোনো খোঁজ মেলেনি।
নিখোঁজ জেলেদের মধ্যে তিনজনের নাম জানা গেছে। তারা হলেন, রফিক, ইউসুফ ও আনিছুল হক। এদের বাড়ি চরফ্যাশনের মানিকা ও দক্ষিণ আইচা ইউনিয়নে।
জেলেরা জানান, চরফ্যাশনের দক্ষিণ আইচার বেচু মাঝির একটি ট্রলার ২০ জেলে নিয়ে গভীর বঙ্গোপসাগরের মহিপুর পয়েন্টে মাছ শিকার করছিলেন।
এ সময় প্রবল ঝড়ে তাদের ট্রলারটি ডুবে যায়। দুর্ঘটনার পর ট্রলারে থাকা ১৫ জেলে উদ্ধার হলেও পাঁচজন এখনো নিখোঁজ রয়েছেন।
চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামূল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে রাত ৯টায় জানান, নিখোঁজদের উদ্ধারের ব্যাপারে পুলিশের সহায়তা চেয়েছেন পরিবারের সদস্যরা।
ঢাকা, ২১ সেপ্টেম্বর টাইমনিইজবিডি.কম, কেএ





