চট্টগ্রামের পিকআপের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ঘুমন্ত রোহিঙ্গা এক পথশিশুর। রাতে কাজীর দেউড়ি আউটার স্টেডিয়াম মাঠে ঘুমিয়ে ছিল প্রতিবন্ধী জয়নাব (৪) ও তার বোন মোকারমা (৭)।

হঠাৎ পার্কিংয়ের জন্য আসা একটি পিকআপভ্যানের চাকায় পিষ্ট হয় রোহিঙ্গা ওই দুই শিশু।
শনিবার গভীর রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত পিকআপচালককে আটক করেছে।

ঘটনাস্থলে মারা যায় জয়নাব। এ ছাড়া গুরুতর আহত মোকারমাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, নূর আহমদ সড়কের পাশের আউটার স্টেডিয়ামের মাঠ সংলগ্ন পরিত্যক্ত স্থাপনায় ছিন্নমূল মানুষ বসবাস করে আসছে। মাঠে প্রতিদিন রাখা হয় অসংখ্য ট্রাক-মিনিট্রাক ও পিকআপ ভ্যান। শনিবার রাতে ছিন্নমূল দুই শিশু মাঠে ঘুমিয়ে ছিল।

এ অবস্থায় টাইলস পরিবহনের কাজে নিয়োজিত একটি পিকআপভ্যান পার্কিং করার সময় ঘুমন্ত দুই শিশুকে চাপা দেয়। ঘটনাস্থলে মারা যায় একজন। আহত হয় অপর শিশু। তারা মায়ানমারের মুণ্ডু এলাকার মুস্তফা কামালের সন্তান।

কোতয়ালি থানার সহকারি উপ-পরিদর্শক (এএসআই) রতন জানান, টাইলস বিক্রির একটি দোকানের পিকআপভ্যানটি পার্কিং করার জন্য আউটার স্টেডিয়ামের মাঠে নেওয়ার সময় অন্ধকারে ঘুমিয়ে থাকা দুই শিশুকে চাপা দেয়। একজন নিহত এবং অপর শিশু আহত হয়।

পিকআপভ্যানটি জব্দ করে থানায় আনা হয়েছে। চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

এমআর