যশোরের শার্শায় বিদ্যুৎ স্পৃষ্টে আরিফ হোসেন (১৪) নামের এক কিশোর নিহত হয়েছে। অপরদিকে তাকে বাঁচাতে গিয়ে ময়না খাতুন (৩১) নামের একজন আহত হয়েছে।
রবিবার রাত ৮টার সময় এঘটনা ঘটে। নিহত আরিফ হোসেন শার্শার নাভারন কাজিরবেড় গ্রামের আলতাফ হোসেনের ছেলে এবং ময়না খাতুন একই গ্রামের আরজু রহমানের স্ত্রী।
জানা যায়, রবিবার রাত ৮টার সময় উপজেলার নাভারন কাজিরবেড় গ্রামের ভাড়া বাড়ীতে আরিফ খেলা করছিল। এ সময় বাড়ীর পাশ দিয়ে যাওয়া ৩৩ হাজার কেভি ভোল্টেজের বৈদ্যুতিক লাইনের তারে অসাবধানতা বশতঃ হাত দিয়ে দেয়।
এসময় বাড়ীর মালিকের স্ত্রী ময়না খাতুন দৌড়ে এসে কাঠ দিয়ে তাকে বৈদ্যুতিক তার থেকে ছাড়াতে গেলে আহত হয়। পরে তাদেরকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার আরিফকে মৃত ঘোষণা করেন।
শার্শা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের জরুরী বিভাগের কর্তব্যরত ডাক্তার এবিএম রনি জানান, আরিফকে হাসপাতালে নিয়ে আসার আগেই মৃত্যু হয়েছে এবং আহত ময়না চিকিৎসাধীন আছে।
নাসির/জেড





