দিনাজপুরে জমি নিয়ে বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে আরিফুল ইসলাম (২০) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তার বাবা ও ভাই।

বুধবার সকাল ১০টার দিকে ঘোড়াঘাট উপজেলার ২ নম্বর পালশা ইউপি’র দাম পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আরিফুল ইসলাম পালশা ইউনিয়নের দাম পাড়া গ্রামের মো. বাবলু মিয়ার ছেলে। তিনি ঘোড়াঘাট ডিগ্রি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।

আহতরা হলেন- আরিফুল ইসলামের বাবা বাবলু মিয়া (৪৬) ও ভাই মাসুদ (২৬)।

ঘোড়াঘাট থানার অফিসার ইন চার্জ (ওসি) এস.এম. নুরুজ্জামান চৌধুরী জানান, চার বছর ধরে এক বিঘা জমি নিয়ে ওই গ্রামের বাবলু মিয়ার সঙ্গে তার চাচাত ভাই ছামাদ আলী ও শাহজাহানের বিবাদ চলছিল। এরই জের ধরে সকাল ১০টার দিকে বাবলু মিয়া তার দুই ছেলে মাসুদ ও আরিফুল ইসলামকে নিয়ে ওই জমিতে হাল চাষ করতে যান। এ সময় প্রতিপক্ষরা লাঠি-সোটা ও অস্ত্র-সস্ত্র নিয়ে দলবদ্ধ হয়ে হামলা চালায়। এতে বাবলু মিয়া, আরিফুল ইসলাম ও মাসুদ গুরুতর আহত হন। পরে প্রতিবেশীরা তাদের উদ্ধার করে ঘোড়াঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক আরিফুল ইসলামকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, আহত বাবলু মিয়া ও মাসুদের অবস্থার অবনতি হওয়ায় তাদেরকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

কেএইচ