সুন্দরবনে মুক্তিপণের দাবিতে ১৫ জন জেলেকে অপরহণ করে নিয়ে গেছে বনদস্যুরা।  বৃহস্পতিবার সকালে একদল বনদস্যু সুন্দরবনের বাগেরহাট জেলার শরণখোলা উপজেলাধীন শেলা নদীর লথিমারার চর এলাকায় জেলে বহরে এ হামলা চালিয়ে জেলেদের অপহরণ করে নিয়ে যায়।

এসময় দস্যুরা প্রায় অর্ধশত মাছধরা ট্রলার থেকে দশ লাখ টাকার মাছ ও জালও লুট করে নিয়ে যায়। তবে কোস্টগার্ডের পক্ষ থেকে পাঁচ জেলেকে অপহরণের খবর নিশ্চিত করা হয়েছে। কোস্টগার্ড মংলা পশ্চিম জোনের সদস্যরা অপহৃত জেলেদের উদ্ধার ও দস্যুদের ধরতে সুন্দরবনে অভিযান শুরু করেছে।
জাতীয় মৎস্যজীবি সমিতির বাগেরহাটের শরণখোলা উপজেলা শাখার সভাপতি মো. আবুল হোসেন জেলেদের বরাত দিয়ে জানান, বৃহস্পতিবার সকালে সুন্দরবনে শেলা নদীর ওই এলাকায় অর্ধশত ট্রলার নিয়ে জেলেরা মাছ ধরছিলেন। হঠাৎ করে ট্রলারযোগে আসা আট-দশজনের একদল অস্ত্রধারী দস্যু তাদের ট্রলারে হামলা চালিয়ে দশ লাখ টাকা মূল্যোর মাছ ও জাল লুট করে নেয়। যাবার সময় মুক্তিপণের দাবিতে অস্ত্রের মুখে ১৫ জন জেলেকে অপহরণ করে সুন্দরবনের গহীনে নিয়ে গেছে।

কোস্টগার্ড মংলা পশ্চিম জোনের অপারেশন বিভাগের স্টাফ অফিসার লেফটেন্যান্ট কমান্ডার মো. আলাউদ্দিন জানান, সুন্দরবনের শেলা নদীর লতিমারার চর এলাকা থেকে বনদস্যুরা পাঁচজন জেলেকে অপহরণ করে নিয়ে গেছে। অপহৃত জেলেদের উদ্ধার ও দস্যুদের আটক করতে বৃহস্পতিবার দুপুর থেকে কোস্টগার্ড সদস্যরা বনের বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান শুরু করেছে। তবে কোন দস্যু বাহিনীর হাতে জেলেরা অপহৃত হয়েছে সে ব্যাপারে নিশ্চিত করতে পারেননি তিনি।  
শেষ খবর পাওয়া পর্যন্ত অপহৃত জেলেদের উদ্ধার বা কোন দস্যুকে আটক করা সম্ভব হয়নি।

ঢাকা, ১২ জুন (টাইমনিউজবিডি.কম) // জেআই