সংখ্যালঘু পরিবারের এক শিশুকে ধর্ষণের অভিযোগে হবিগঞ্জের বানিয়াচং উপজেলার এক যুবলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

শামছুল মিয়া চৌধুরী (৩২) নামের ওই ব্যক্তি উপজেলার কাগাপাশা ইউনিয়ন যুবলীগের জ্যেষ্ঠ সহসভাপতি।

শুক্রবার দিবাগত রাত একটার দিকে স্থানীয় লোকজন তাঁকে ধর্ষণ করার সময় হাতেনাতে আটক করে। স্থানীয় প্রভাবশালী রাজনীতিক হিসেবে পরিচিত শামছুল মিয়ার হুমকিতে রাতে স্থানীয় লোকজন তাঁকে ছেড়ে দিতে বাধ্য হয়। তবে শনিবার সকালে শিশুটির মা শামছুলের বিরুদ্ধে মামলা করেন। দুপুরে পুলিশ তাকে গ্রেফতার করে।

ধর্ষণের শিকার শিশুটির পরিবার সূত্রে জানা গেছে, গতকাল রাতে ওই শিশুটি ঘরের একটি কক্ষে ঘুমিয়েছিল। রাতে প্রতিবেশী শামছুল দরজা ভেঙে ঘরে ঢোকেন। শিশুটির চিৎকারে তার মা কক্ষে ঢুকে শামছুলকে ধর্ষণ করতে দেখে চিৎকার দেন। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে। তারা শামছুলকে ওই ঘরের মধ্যে দাঁড়িয়ে থাকতে দেখেন।

তখন শামছুল মিয়া সেখানে উপস্থিত সবাইকে শাসিয়ে বলেন, এ ঘটনা নিয়ে কেউ বাড়াবাড়ি করলে তিনি তাকে ‘দেখে নেবেন’। তখন লোকজন ওই এলাকার ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য মাহমুদ আলীকে ডেকে আনে। মাহমুদ আলী রাত দুইটার দিকে শামছুলকে অনুরোধ করে ওই ঘর থেকে বাইরে নিয়ে আসেন।

ওই এলাকার লোকজন জানায়, শামছুল বিবাহিত। তাঁর দুটি সন্তান রয়েছে।

মাহমুদ আলী বলেন, শামছুল কাগাপাশা ইউনিয়ন যুবলীগের জ্যেষ্ঠ সহসভাপতি। তার পরিবার এলাকায় যথেষ্ট প্রভাবশালী। এ কারণে ভয়ে কেউ তাঁর কর্মকাণ্ডের প্রতিবাদ করতে সাহস করে না।

ওই শিশুর মা বলেন, ঘটনার পরও শামছুল তাদের শাসিয়ে গেছেন, যেন মামলা না করেন। এমনকি শামছুলের পক্ষ নিয়ে এলাকার প্রভাবশালী ব্যক্তিরা তাদের ভয়ভীতি দেখাচ্ছেন। তারা মামলার পরিবর্তে সালিসের মাধ্যমে বিষয়টির নিষ্পত্তি করতে চান।

এ বিষয়ে বানিয়াচং থানার অফিসার ইন চার্জ (ওসি) নির্মলেন্দু চক্রবর্তী বলেন, ধর্ষণের ঘটনায় ওই শিশুর মা বাদী হয়ে একটি মামলা করেছেন। এরপর আজ শামছুলকে গ্রেফতার করা হয়েছে। মেয়েটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

কেএইচ