হবিগঞ্জ সদর উপজেলার রিচি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিয়া মো. ইলিয়াছকে বরখাস্ত করা হয়েছে।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সহকারী সচিব শরীফা আহমেদ এক অফিস আদেশে তাকে বহিষ্কার করেন।

আদেশে বলা হয়, ‘মিয়া মো. ইলিয়াছের বিরুদ্ধে হবিগঞ্জ দ্রুত বিচার আদালতে জি আর ১৭/১৪ মামলা রয়েছে। মামলার অভিযোগপত্র গত ১৪ জানুয়ারি গৃহীত হয়। এমতাবস্থায় তার বিরুদ্ধে মামলা বিচারাধীন থাকায় তার দ্বারা ক্ষমতা প্রয়োগ জনস্বার্থের পরিপন্থী মর্মে সরকার মনে করে। তাই স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এর ধারা ৩৪ (১) মোতাবেক মিয়া মো. ইলিয়াছকে সাময়িকভাবে বহিষ্কার করা হলো।’

বহিষ্কার আদেশের অনুলিপি হবিগঞ্জের জেলা প্রশাসক, স্থানীয় সরকার মন্ত্রীর সচিব, হবিগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ও সাময়িকভাবে বহিষ্কৃত চেয়ারম্যান মিয়া মো. ইলিয়াছকে প্রদান করা হয়েছে।

রোববার হবিগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা আশফাকুল হক চৌধুরী জানান, স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে বহিষ্কারের চিঠি পাওয়ার পর প্যানেল চেয়ারম্যান আমীর হোসেনের কাছে দায়িত্ব হস্তান্তরের জন্য চিঠি প্রদান করা হয়েছে।

ইআর