রাজধানীর সদরঘাটে একটি ৩তলা ভবন ধসে পড়েছে। এসময় ভবনটির ভেতরে থাকা বাবা ও ছেলে আটকা পড়েছে বলে আশঙ্কা করছে স্থানীয়রা।
বুধবার (১৭ জুলাই) দুপুরে দেড়টার দিকে সদরঘাটের পাটুয়াটুলিতে এই ঘটনা ঘটে।
স্থানীয় ব্যবসায়ী মো. সোবহান বলেন, “৩ তলা ওই ভবনটির ভোরের দিকে ধসে পড়েছে। দুপুরে বিষয়টি নিশ্চিত হওয়ার পর ফায়ার সার্ভিসকে খবর দিয়েছি। এরপর ফায়ার সার্ভিসকর্মীরা উদ্ধার কাজ চালাচ্ছেন।” এই ব্যবসায়ী আরও জানান, যে পাশের রুমটি ধসে পড়েছে, সেখানে সদরঘাটের ফল ব্যবসায়ী জাহেদ আলী ও তার ছেলে থাকতেন। তবে, তিনি ছেলের নাম জানাতে পারেননি।
ব্যবসায়ী মো. সোবহান বলেন, “গতকাল (মঙ্গলবার) রাতে ফলের দোকান বন্ধ করার পর সকাল থেকে দোকান বন্ধ ও মোবাইলও বন্ধ। ভবনটি এমনি ঝুঁকিপূর্ণ, তার মধ্যে কয়েকদিনের বৃষ্টিতে আরও খারাপ অবস্থা ছিল।”
বাংলাদেশ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মকর্তা মোহাম্মদ আলী বলেন, “ধসে পড়া ভবনটি দীর্ঘদিনের পুরনো হওয়ায় উদ্ধার কাজে ঝুঁকি রয়েছে। আমরা ঝুঁকিপূর্ণভাবে উদ্ধার অভিযান চালাচ্ছি। একটি আলমারি ছিল, সেটা উদ্ধারের সময় ওপর থেকে পড়েছে। সেটা সরানোর চেষ্টা করা হচ্ছে। আমরা এখনও নিশ্চিত নই, এখানে কেউ চাপা পড়েছেন কিনা। তবে, লোক মুখে শুনেছি দুই জন নিখোঁজ আছেন।”
এমবি





