উপকূলীয় জেলেদের অপহরণ ও সাগরে ভারতীয় মাছের ট্রলার ঢোকার প্রতিবাদে বরগুনার পাথরঘাটায় আধাবেলা ধর্মঘটের ডাক দিয়েছে মাছ ব্যবসার সঙ্গে জড়িত আটটি সংগঠন।

ইলিশ ও সামুদ্রিক মাছ বিক্রি বন্ধ করে বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনের পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে এ ধর্মঘট পালন করা হচ্ছে।সোমবার ভোর ৬টা থেকে শুরু হয়ে দুপুর ১২টা পর্যন্ত এ ধর্মঘট চলবে।

এগুলো হচ্ছে বরগুনা জেলা ট্রলার মালিক সমিতি, জেলা ট্রলার শ্রমিক ইউনিয়ন, পাথরঘাটা বিএফডিসি মৎস্য বাজার ঘাট শ্রমিক ইউনিয়ন, পাথরঘাটা বিএফডিসি আড়তদার সমিতি, পাথরঘাটা ওয়ার্কশপ মালিক-শ্রমিক ঐক্য সমিতি, পাথরঘাটা ডক মালিক-শ্রমিক ঐক্য সমিতি, পাথরঘাটা বণিক সমিতি ও পাথরঘাটা বরফ কল মালিক সমিতি।

বরগুনা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জানান, অপহৃত জেলেদের মুক্তিপণ দিয়ে ফিরিয়ে আনতে আনতে ট্রলার মালিকেরা ব্যবসা গুটিয়ে পথে বসেছেন।এভাবে চলতে থাকলে তাঁদের এ পেশা বদল করতে হবে।

তিনি জানান, গতকাল রোববার মুক্তিপণ দিয়ে ৪৫ জন জেলেকে মুক্ত করা হয়েছে।জনপ্রতি এক থেকে দেড় লাখ টাকা দিয়ে ওই জেলেদের মুক্ত করা হয়।এখনো মুক্তিপণের দাবিতে ৩০ জেলে বন্দী।

পাথরঘাটা বিএফডিসি মৎস্য বাজার ঘাট শ্রমিক ইউনিয়নের সভাপতি মোস্তাফিজুর রহমান বলেন, এক সপ্তাহ ধরে সাগরে মুক্তিপণের দাবিতে অপহরণসহ দস্যুতা বেড়ে গেছে।এতে দস্যুদের ভয়ে সাগরে যাচ্ছেন না জেলেরা।

এ ব্যাপারে কোস্টগার্ডের পাথরঘাটা স্টেশন কমান্ডার লে. এম আরিফ হোসেন বলেন, গভীর সাগরে জলদস্যুদের হাতে জেলেরা অপহৃত হলে এই স্টেশনের কোস্টগার্ড সদস্যদের তেমন কিছু করার থাকে না।ধর্মঘটের ব্যাপারে তাদের কেউ কিছু জানায়নি।

ঢাকা, ১৫ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এআর