ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে ২৪ ঘণ্টা নৌ চলাচল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে নৌপরিবহন মন্ত্রণালয়। ভোটের আগের দিন (৩১ জানুয়ারি) রাত ১২টা থেকে ১ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত নৌ চলাচল বন্ধ থাকবে।

আজ নৌ পরিবহন মন্ত্রণালয় সহকারি সচিব স্বাক্ষরিত আদেশে বলা হয়, উপযুক্ত বিষয় ও সূত্রের পরিপ্রেক্ষিতে গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ এর অনুচ্ছেদ অনুসারে আগামী ১ ফেব্রুয়ারি ঢাকা উত্তর সিটি করপোরেশন ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে।

নির্বাচন উপলক্ষে ভোট গ্রহণের জন্য নির্ধারিত দিন ১ ফেব্রুয়ারি পূর্ববর্তী মধ্যরাত অর্থাৎ ৩১ জানুয়ারি দিবাগত মধ্যরাত ১২ টা থেকে ১ ফেব্রুয়ারি তারিখ দিবাগত মধ্যরাত ১২ টা পর্যন্ত (ক) লঞ্চ, (খ) ইঞ্জিন চালিত সব ধরনের নৌ-যান (ইঞ্জিন চালিত ক্ষুদ্র নৌযান বা জনগণ তথা ভোটারদের চলাচলের জন্য ব্যবহৃত ক্ষুদ্র নৌযান ব্যতীত) এবং (গ) স্পিড বোট চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করার জন্য জেলা প্রশাসক, ঢাকাসংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশক্রমে ক্ষমতা অর্পন করা হলো।