রোববার (২৩ নভেম্বর) সকাল ১১টায় আগারগাঁওস্থ নির্বাচন ভবনে সিইসি এ এম এম নাসির উদ্দিনের কক্ষে গুরুত্বপূর্ণ এ বৈঠক শুরু হয়।
নির্বাচন কমিশনের (ইসি) জনসংযোগ পরিচালক রুহুল আমিন মল্লিক বিষয়টি নিশ্চিত করে জানান, কমনওয়েলথ মহাসচিব শার্লি বচওয়ের নেতৃত্বে ৬ সদস্যের একটি প্রতিনিধি দল বৈঠকে অংশ নেয়। এ সময় ইসির সচিব আখতার আহমেদও উপস্থিত ছিলেন।
চার দিনের সফরে বাংলাদেশে এসেছেন কমনওয়েলথ মহাসচিব শার্লি বচওয়ে। ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য নির্বাচনের আগে দেশের গুরুত্বপূর্ণ বিভিন্ন অংশীদারের সঙ্গে তার আলোচনা হওয়ার কথা রয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এ সফরে শান্তি, স্থিতিশীলতা, গণতন্ত্র, সুশাসন ও সমৃদ্ধির ক্ষেত্রে জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সহযোগিতা বাড়ানোসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হতে পারে।
এর আগে ২৬ অক্টোবর কমনওয়েলথের ‘ইলেকটোরাল সাপোর্ট’ শাখার উপদেষ্টা এবং ‘প্রি-ইলেকশন অ্যাসেসমেন্ট’ প্রধান লিনফোর্ড অ্যান্ড্রুজের নেতৃত্বে একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করেছিল।
এনএইচ