রোববার (২৭ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট-২ এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে।
নতুন সার্কুলার অনুযায়ী, ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ (এনপিএসবি)-এর মাধ্যমে সম্পন্ন বাংলা কিউআরভিত্তিক ২ হাজার টাকা পর্যন্ত প্রতিটি লেনদেনের জন্য একুয়্যারিং প্রতিষ্ঠানকে দশমিক ১০ শতাংশ এবং ইস্যুয়িং প্রতিষ্ঠানকে দশমিক ২০ শতাংশ হারে প্রণোদনা দেওয়া হবে। মাসিক ভিত্তিতে এই অর্থ পরিশোধ করা হবে।
বাংলাদেশে কার্যরত সব তফসিলি ব্যাংক, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রদানকারী, পেমেন্ট সার্ভিস প্রোভাইডার (পিএসপি), পেমেন্ট সিস্টেম অপারেটর (পিএসও) এবং আন্তর্জাতিক পেমেন্ট স্কিম এ নির্দেশনার আওতায় থাকবে।
সার্কুলারে বলা হয়েছে, ব্যক্তিক রিটেইল হিসাবের মাধ্যমে নিবন্ধিত ক্ষুদ্র ও প্রান্তিক বিক্রেতা এবং সেবাদানকারী মার্চেন্ট পয়েন্টের পাশাপাশি ট্রেড লাইসেন্সধারী অন্যান্য মার্চেন্টও এখন এই প্রণোদনা পাবেন।
এর আগে ১০ আগস্ট জারি করা একটি সার্কুলার লেটারের মাধ্যমে বাংলা কিউআর লেনদেনে প্রণোদনা চালু করা হয়েছিল। তবে সে সময় সুবিধাটি কেবল নির্দিষ্ট ক্ষুদ্র ও প্রান্তিক বিক্রেতা এবং সেবাদানকারী মার্চেন্ট পয়েন্টের মধ্যে সীমিত ছিল।
নতুন নির্দেশনার মাধ্যমে সেই পরিধি বাড়ানো হয়েছে। ফলে ট্রেড লাইসেন্সধারী অন্যান্য ব্যবসায়ী ও সেবাদানকারী প্রতিষ্ঠানও বাংলা কিউআরের মাধ্যমে যোগ্য লেনদেন করলে প্রণোদনা ব্যবস্থার আওতায় আসবে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, নতুন সার্কুলারে সংশোধিত অনুচ্ছেদে উল্লেখ করা শর্ত ছাড়া আগের নির্দেশনার অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে।
পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট-২-এর পরিচালক মো. শরাফত উল্লাহ খানের সই করা সার্কুলারটি দেশের সংশ্লিষ্ট ব্যাংক ও আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোতে পাঠানো হয়েছে।
এস











