খুলনায় বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তির অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।
রোববার মাদ্রাসাছাত্র শরাফাত হোসেনের বাবা হাবিবুর রহমান বাদী হয়ে সোনাডাঙ্গা মডেল থানায় মামলাটি দায়ের করেন।
শনিবার গ্রেফতারকৃত তিন কিশোরকে এ মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
সোনাডাঙ্গা থানার অফিসার্স ইনচার্জ মারুফ আহমেদ জানান, সোনাডাঙ্গা ইসলামিয়া দাখিল মাদ্রাসার ছাত্র শরাফাত হোসেন শনিবার সকাল ৯টায় বঙ্গবন্ধুর স্মরণে কোরআন তেলাওয়াত করতে একটি শোক অনুষ্ঠানে রওনা হয়।
ওই সময় সে মাদ্রাসা রোডের গলির মাথায় পৌঁছালে নাজমুল, সপুয়ান ও ওসমান শেখসহ কয়েকজন যুবক তাকে কোথায় যাচ্ছে- জিজ্ঞাসা করলে সে তা জানায়।
এ সময় তারা বঙ্গবন্ধুকে নিয়ে নানা কটূক্তি করে। অনুষ্ঠান শেষে শরাফাত মাদ্রাসায় ফেরার পথে একই স্থানে ওই বখাটেরা তাকে দেখে বঙ্গবন্ধুকে নিয়ে আবারো কটূক্তি করে।
সে এর প্রতিবাদ করলে তারা তাকে মারধর করে। তার চিৎকারে এলাকাবাসী এগিয়ে এলে তারা পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে নাজমুল (১৫), সপুয়ান (১৭) ও ওসমান শেখকে (১৬) গ্রেফতার করে। তবে জাকির পালিয়ে যায়।
এ ঘটনায় আহত শরাফাত হোসেনের বাবা হাবিবুর রহমান বাদী হয়ে রোববার সোনাডাঙ্গা মডেল থানায় মামলা দায়ের করেন।
মামলায় চারজনকে আসামি করা হয়েছে। গ্রেফতারকৃত তিনজনকে এ মামলায় আদালতে পাঠানো হয়।
তবে গ্রেফতারকৃতরা কিশোর হওয়ায় আদালত তাদের জামিন মঞ্জুর করেন বলে সোনাডাঙ্গা থানার অফিসার্স ইনচার্জ মারুফ আহমেদ জানিয়েছেন।
এমকে





