বান্দরবানের লামা উপজেলায় সেনা বাহিনীর গাড়ির সঙ্গে যাত্রীবাহী একটি বাসের মুখোমুখি সংঘর্ষে তিন সেনা সদস্যসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার আনুমানিক সকাল ১০টায় লামার কুমারী বাজার এলাকায় লামা-আলীকদম সড়কে এ দুর্ঘটনা ঘটে।
আহতদের মধ্যে বাসচালক নুরুল ইসলাম ছাড়া অন্য কার নাম জানা যায়নি। নুরুল ইসলামকে গুরুতর অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে সেনা বাহিনীর একটি গাড়ি (নম্বর-১৩৩৬) আলীকদম থেকে চকরিয়া যাচ্ছিল। পথে কুমারী বাজার এলাকায় এই গাড়ির সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সেনা বাহিনীর তিন সদস্য ও বাসের চালকসহ সাত যাত্রী আহত হন।
কুমারী পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আবুল কালাম বিষয়টি নিশ্চিত করেছেন।
ঢাকা, ১০ জুলাই (টাইমনিউজবিডি.কম)//এসআর





