বগুড়ার শেরপুরে ট্রাক চালককে মারপিটের প্রতিবাদে ঢাকা-বগুড়া মহাসড়ক অবরোধ করেছে স্থানীয় ট্রাক চালকরা।
বুধবার সকাল ৯টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত তাদের এ অবরোধ চলে। এ সময় শতশত যানবাহন আটকা পড়ে। এতে চরম ভোগান্তি আর বিরম্বনায় পড়েন যাত্রীরা।
পুলিশ জানায়, শেরপুরের শেরুয়া বটতলায় ঢাকাগামী একটি মালবাহী ট্রাক থেকে ১০০ টাকা চাঁদা দাবি করে স্থানীয় ট্রাক শ্রমিকরা।
ওই ট্রাকের চালক আজমল হোসেন টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে মারপিট করে। এর প্রতিবাদে মহাসড়কে চলাচলকারী অন্যান্য ট্রাক চালকরা মহাসড়কের ওপর তাদের ট্রাকগুলি আড়াআড়িভাবে রেখে যান চলাচলা বন্ধ করে দেয়।
আধা ঘণ্টাব্যাপী চলে তাদের অবরোধ। পরে মারপিটের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতারের আশ্বাস দিলে অবরোধ প্রত্যাহার করে ট্রাক চালকরা।
শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু হাশমী আহম্মেদ জানান, মহাসড়কে চাঁদাবাজি নিয়ে শ্রমিকদের সঙ্গে শ্রমিকরাই বিরোধে জড়িয়ে পড়ে। তবে এখন পরিস্থিতি স্বাভাবিক।
এআর





