রাজধানীর কদমতলীতে বাসার সামনে থেকে সোমবার বিকাল সাড়ে ৫ টায় পুলিশ কর্তৃক আটকের পর ৩ কলেজ ছাত্রকে আদালতে না তোলায় উদ্বেগ প্রকাশ করেছেন তাদের পরিবারের সদস্যরা। তাদেরকে আদালতে তোলার দাবি জানিয়েছেন তারা।
মঙ্গলবার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা এ দাবি জানান।
বিবৃতিতে তারা বলেন, আমাদের ৩ সন্তান ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের ছাত্র সাইদুল ইসলাম, তামিরুল মিল্লাত মাদ্রাসার ছাত্র হাসান রাব্বি, সিটি কলেজের ছাত্র নাকিবুল আরেফিনকে সোমবার সন্ধ্যায় বাসার সামনে থেকে আটক করে পুলিশ। কিন্তু নিয়ম থাকার পরও তাদের আজ আদালতে তোলা হয়নি। এ ব্যাপারে বারবার চেষ্টা করলেও পুলিশ কর্মকর্তারা আমাদের সন্তানদের সাথে দেখা করার সুযোগ দিচ্ছেন না। ফলে আমরা কোন আইনি প্রক্রিয়া গ্রহণ করতে পারছি না।
তারা উদ্বেগ প্রকাশ করে বলেন, তাদের দেখা করতে না পারায় আমরা উদ্বিগ্ন হয়ে পড়েছি। দেশের পরিস্থিতি বিবেচনায় আমরা তাদের জীবন নিয়ে শঙ্কাবোধ করছি।
আমাদের জানা মতে, আমাদের এই তিন সন্তান কোন ধরনের রাজনীতি বা কোন প্রকার অপরাধের সাথে জড়িত নয়। এরপরও আমাদের সন্তানেরা যদি কোন অপরাধ করেও থাকে, তাহলে এর জন্য দেশের আইনি প্রক্রিয়ায় বিচার হওয়ার কথা। কিন্তু পুলিশ বেআইনিভাবেই আজ তাদের আদালতে হাজির করেনি।
তারা আরো বলেন, সম্প্রতি গ্রেফতারের পর আদালতে হাজির না করে রাতের আঁধারে বহু ছাত্রকে হত্যা করা হয়েছে। ফলে আমরা আরও উদ্বিগ্ন হয়ে পড়েছি। এ অবস্থায় আমরা সুবিচারের জন্য সরকার, পুলিশ ও সাংবাদিকের দৃষ্টি আকর্ষণ এবং সার্বিক সহযোগিতা কামনা করছি। আশা করছি, আমাদের সন্তানরা পুলিশের কাছে নিরাপদে আছে এবং অন্যায়ভাবে তাদের উপর কোন নির্যাতন করা হবে না।
আমাদের বিশ্বাস, সুবিচার হলে আমাদের নির্দোষ সন্তানেরা নিরাপরাধ প্রমাণিত হবে এবং মুক্ত হয়ে তাদের পড়ালেখা চালিয়ে যেতে পারবে।’
গ্রেফতারকৃতদের পক্ষ থেকে বিবৃতি প্রদানকারীরা হলেন- সাইদুল ইসলামের বাবা- আনোয়ার হোসেন, মুজাহিদ নগর, কদমতলী ঢাকা।
হাসান রাব্বির বাবা- হানিফ শিকদার, গ্রাম-কানুদাস কাঠি, থানা-রাজপুর, জেলা-ঝালকাঠি।
নাকিবুল আরেফিনের পিতা- মাওলানা ফয়সাল আহমেদ, খানকা শরিফ রোড, মুজাহিদ নগর, কদমতলী ও ঢাকা।
জেএ





