পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। মঙ্গলবার সকাল ৯টা থেকে টিকেট বিক্রি শুরু হয়। তবে অগ্রিম টিকেট বিক্রির প্রথম দিনে যাত্রীদের উপস্থিতি খুব একটা লক্ষ্য করা যায়নি। সকাল থেকে স্টেশনে ছিলনা টিকেটের জন্য লম্বা লাইন।
রেলওয়ের কর্মকর্তারা জানিয়েছেন, সুষ্ঠুভাবে টিকেট বিক্রি চলছে। যারা আসছেন তারাই টিকেট সংগ্রহ করতে পারছেন। বিকেল পাঁচটা পর্যন্ত টিকেট থাকা সাপেক্ষে বিক্রি করা হবে।
যাত্রীদের উপস্থিতি কম প্রসঙ্গে তারা বলেন, প্রথম দিনে ২০ সেপ্টেম্বরের (রোববার) টিকেট বিক্রি করা হচ্ছে। রোববারে অফিস-আদালত খোলা থাকবে। তাই যাত্রীদের ভিড় কম।
টিকেট বিক্রি শুরুর প্রথম দিনে রেলওয়ে পূর্বাঞ্চলের জিএম মকবুল আহমেদ টিকেট বিক্রির কার্যক্রম পরিদর্শন করেছেন। এসময় রেলওয়ের উর্দ্ধতন কর্মকর্তারা তার সঙ্গে ছিলেন।
সুত্র জানায়, ১৫ সেপ্টেম্বর ঢাকা ও চট্টগ্রাম থেকে বিক্রি হবে ২০ সেপ্টেম্বরের টিকেট। ১৬ সেপ্টেম্বর ২১, ১৭ সেপ্টেম্বর ২২, ১৮ সেপ্টেম্বর ২৩ এবং ১৯ সেপ্টেম্বর বিক্রি হবে ২৪ সেপ্টেম্বরের অগ্রিম টিকেট।
একইভাবে ২৩ সেপ্টেম্বর থেকে পাওয়া যাবে ফিরতি টিকেট। এদিন বিক্রি হবে ২৭ সেপ্টেম্বরের টিকিট। ২৪ সেপ্টেম্বর ২৮, ২৫ সেপ্টেম্বর ২৯, ২৬ সেপ্টেম্বর ৩০ এবং ২৭ সেপ্টেম্বর বিক্রি হবে ১ অক্টোবরের টিকেট।
এআই





